ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর পৌরসভার আট কেন্দ্রের নির্বাচন বাতিল করে কেন নতুন নির্বাচনের নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি), জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের এর জবাব দিতে বলা হয়েছে।
নোয়াখালী সদর পৌরসভার মেয়রপ্রার্থী হারুন-অর-রশিদ আজাদের করা রিট আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও নজরুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
একই সঙ্গে ওই আট কেন্দ্রের নির্বাচন বাতিলে আজাদ নির্বাচন কমিশনে যে আবেদন করেছেন, দুই সপ্তাহের মধ্যে তার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত।
আবেদনকারীর আইনজীবী শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, "গত ১৮ জানুয়ারি নোয়াখালী সদর পৌরসভায় নির্বাচন হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগে ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। বাকি আট কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।
"ওই কেন্দ্রগুলোতেও অনিয়ম হয়েছে বলে প্রার্থীর অভিযোগ রয়েছে," রেজাউল বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমইউএস/জেকে/১৭২১ ঘ.
bdnews24