২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লোবাল সিটির গবেষণায় সমঝোতা স্মারক

চট্টগ্রামকে গ্লোবাল সিটি করার লক্ষ্যে গবেষণা কার্যক্রম চালাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পিপিআরসি ও এ কে খান ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 07:08 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামকে গ্লোবাল সিটি করার লক্ষ্যে গবেষণা কার্যক্রম চালাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পিপিআরসি ও এ কে খান ফাউন্ডেশন। এর আওতায় চট্টগ্রামে শিক্ষার মান, অর্থনৈতিক সুযোগ, নাগরিক সুবিধা ও ঐতিহ্য নিয়ে গবেষণা করা হবে। এ উপলক্ষে রোববার দুপুরে চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে 'যাত্রাশুরু অনুষ্ঠান'র আয়োজন করা হয়। সমঝোতা স্মারকে 'পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার'র (পিপিআরসি) পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং 'এ কে খান ফাউন্ডেশন'র পক্ষে ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাশেম খান স্বাক্ষর করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, গ্লোবাল সিটি, গ্লোবাল পোর্ট' ধারণার ভিত্তিতে চট্টগ্রামকে গ্লোবাল সিটিতে পরিণত করার উদ্যোগ কেমন হবে তা নির্ধারণের জন্য এ গবেষণা কার্যক্রমের শুরু হলো। তিনি বলেন, যারা এ ধারণা বাস্তবায়ন করবেন সেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেও এর সঙ্গে সম্পৃক্ত করা হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে গতিশীল তিন গ্রোথ পোল ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে চট্টগ্রামের অবস্থানের কারণেই বন্দর নগরীকে ঘিরে গ্লোবাল সিটির স্বপ্ন দানা বাঁধছে বলে উল্লেখ করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, শিক্ষা, সেবা, স্বাস্থ্য, অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাাশাপাশি ব্যবহারিক জীবনে পরিবর্তন এলেই গ্লোবাল সিটি প্রতিষ্ঠিত হবে। চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠার ধারণা কোনো সরকার বাস্তবায়িত করেনি অভিযোগ করে সালাউদ্দিন কাশেম খান বলেন, "বেসরকারি উদ্যেক্তাদের পক্ষ থেকে বলতে চাই, সরকার অবকাঠামো নির্মাণের দায়িত্ব নিলে আমরা বিনিয়োগ করব। চট্টগ্রাম অবশ্যই গ্লোবাল সিটি হবে।" যাত্রাশুরু অনুষ্ঠানে আলোচনা করেন সিটি মেয়র মনজুর আলম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক সেকান্দর খান, কবি-সাংবাদিক আবুল মোমেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, ব্যবসায়ী সালমান ইস্পাহানি প্রমুখ। আবুল মোমেন বলেন, জাতীয়ভাবে চট্টগ্রাম উপেক্ষিত। চট্টগ্রাম তার সম্পদ ও সম্ভাবনাকে ধরে রাখতে পারছে না এটাই সবচেয়ে বড় সঙ্কট। গত কয়েক দশকে বাংলাদেশ এক শহর কেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। অনুষ্ঠানে 'গ্লোবাল সিটি, গ্লোবাল পোর্ট' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সালাউদ্দিন কাশেম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/০০৪৮ ঘ.