২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিল্লা বিয়ে: চার ফতোয়াবাজকে আদালতে তলব

মৌলভীবাজারে হিল্লা বিয়ের ফতোয়াদানকারী চার জনকে আগামী ২৪ ফেব্র"য়ারি হাজির হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে হিল্লা বিয়ের ফতোয়াদানকারী চার জনকে আগামী ২৪ ফেব্র"য়ারি হাজির হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এক রিট আবেদনে রোববার এ নির্দেশ দেয়। মৌলভীবাজার সদর থানার ওসিকে ওই চার জনের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন ফতোয়াবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে পুলিশ মহাপরিদর্শককে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মৌলভীবাজারের সদর উপজেলার বড়কাপন গ্রামের কয়ছর মিয়া ও রাবেয়া খাতুন নামের এক কৃষক দম্পতি গত ৯ ফেব্র"য়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানান, ফতোয়াবাজদের হুমকির কারণে তারা চারমাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। ওই দম্পতিকে নিরাপত্তা দিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিও নির্দেশ দিয়েছে আদালত। চার ফতোয়াবাজ হলেন- স্থানীয় বড়কাপন জামে মসজিদের সেক্রেটারি মৌলভী ফয়জুল, এলাকার প্রভাবশালী ব্যক্তি আজাদ মিয়া, নান্নু মিয়া ও আসগর মিয়া। 'ফতোয়াবাজদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দম্পত্তি' দৈনিক জনকণ্ঠে গত ১০ ফেব্র"য়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইদিন সংবাদ সম্মেলনে কয়ছর মিয়া জানান, ফতোয়াবাজরা হুমকি দিয়েছে, হিল্লা বিয়ে না করলে রাবেয়ার চুল কেটে একশ দোররা মেরে গ্রামছাড়া করা হবে। তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। এ কারণে গত চারমাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন তারা। ৮ ফেব্র"য়ারি তারা আশ্রয় নেন ঢাকার একটি হোটেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, খাবার রান্না করা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কয়ছর তার স্ত্রী রাবেয়াকে তালাক দেওয়ার কথা বলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা সালিশ বসায়। সালিশের সিদ্ধান্তে বলা হয়, মুখে 'তালাক' বলায় রাবেয়ার তালাক হয়ে গেছে। কাজেই এখন আবার একসঙ্গে থাকতে চাইলে রাবেয়া খাতুনকে আগে হিল্লা বিয়ে দিতে হবে। নয়তো তার চুল কেটে একশ দোররা মেরে গ্রামছাড়া করা হবে। কয়ছর ও রাবেয়া জানান, মৌলভী ফয়জুল, আজাদ মিয়া, নান্নু মিয়া ও আসগর মিয়াকে নিয়ে সালিশ বসিয়ে ওই সিদ্ধান্ত দেওয়া হয়। আর আজাদের হিল্লা বিয়ে দিতে হবে বলে সালিশে সাব্যস্ত হয়। আদালতে সরকারপক্ষে শুনানি করেন ডেপুুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। গত বছরের ৮ জুলাই হাইকোর্ট এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করে। রায়ের অভিমতে আদালত আরো বলে যে, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে। একইসঙ্গে ফতোয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালাতেও সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/এমআই/এইচএ/২২২২ ঘ.