নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক মানবজমিন প্রতিবেদকের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা।
রোববার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার শিমরাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মানববন্ধন শেষে প্রতিবাদ সভাও হয়।
মানববন্ধন কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব, সিদ্ধিগঞ্জ রিপোর্টার্স ইউনিট, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবসহ নারায়ণগঞ্জের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। নইলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
শনিবার রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শুক্কুর আলী মার্কেটের নিচে দৈনিক মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন রবিনকে সন্ত্রাসীরা মারধর করে।
রবিন অভিযোগ করেন, যুবলীগ নামধারী সন্ত্রাসী নজরুল ও তার ১৫-২০ জন সহযোগী তার ওপর এ হামলা চালায়। এ ঘটনায় পুলিশ মামলা নিতে শুরুতে টালবাহানা করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীরা প্রথমে আমাকে গালাগাল করতে শুরু করে। এ সময় নজরুল আমাকে ভবিষ্যতে কোনো সংবাদ না করার জন্য শাসায়।"
"এর প্রতিবাদ করলে নজরুলের সঙ্গে থাকা সহযোগীরা আমাকে রাস্তায় ফেলে মারধর করে। এক পর্যায়ে নজরুল তার কোমরে গুঁজে রাখা একটি পিস্তল বের করে মাথায়, গলায় ও মুখে আঘাত করে।"
মামলা নিতে গড়িমসির বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা রেকর্ড হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
মামলার তদন্তকর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েবিন্টফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে মামলার প্রধান আসামি নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬৪০ ঘ.
bdnews24