চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিপইয়ার্ড চালুর দাবিতে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন করেছে পরিত্যক্ত জাহাজ ভাঙা শ্রমিকরা।
রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর প্রেসক্লাব চত্বরে 'পরিত্যক্ত জাহাজ ভাঙ্গা শ্রমিক কমর্চারী ফেডারেশনের' ব্যানারে সীতাকুণ্ড থেকে অর্ধসহস্রাধিক শ্রমিক এতে অংশ নেয়।
মানববন্ধন শেষে সমাবেশে অংশগ্রহণকারীরা জাহাজ ভাঙা শিল্প বন্ধের জন্য পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ও সামাজিক উন্নয়ন সংগঠন ইপসাকে দায়ী করে তাদের 'হস্তক্ষেপ' বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কাজ দেশের উন্নয়ন করা। তারা তা না করে জাহাজ ভাঙা শিল্পের নীতিমালা নিয়ে সরকারকে বিভ্রান্ত করছে।
দেশের সম্ভাবনাময় এ শিল্পে এনজিওর অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, লাখো শ্রমিকের জীবনের নিরাপত্তার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানাগুলোতে শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে বেলা ও ইপসা সমালোচনায় মুখর। সেখানে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর পর বেলার রিট আবেদনে আদালত কারখানাগুলোতে নিরাপদ পরিবেশ তৈরি করাসহ বেশ কিছু নির্দেশনা সরকারকে দেয়। এ ধরনের একটি রিট আবেদনে উচ্চ আদালত জাহাজ ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেয়।
মানববন্ধন শেষে সমাবেশে শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশন মানববন্ধন থেকে ইয়ার্ড মালিক ও সরকারের কাছে নয়দফা দাবি পেশ করেন। দাবি মানা না হলে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকিও দেওয়া হয়।
সমাবেশে মঙ্গলবার সীতাকুণ্ডের স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়, ১৮ ফেব্র"য়ারি ইয়ার্ডে ইয়ার্ডে শ্রমিকসভা এবং ২০ ফেব্র"য়ারি ভাটিয়ারিতে জনসভা কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শফর আলী।
তিনি কোনো ইয়ার্ডের শ্রমিক বা কর্মচারী নন বলে জানিয়েছেন সীতাকুণ্ডের ববিতা শিপ ইয়ার্ড, প্রাইম স্টিল, বিবিসি স্টিলসহ বিভিন্ন ইয়ার্ডের শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, ইয়ার্ড খুলুক, তাদের জীবনের ও মজুরির নিশ্চয়তা দেওয়া হোক।
তাদের তথ্য অনুযায়ী, কোনো কোনো ইয়ার্ডে এখনো জাহাজ ভাঙার কাজ চলছে। অথচ মালিকরা দাবি করছেন কোনো ইয়ার্ডেই কাজ চলছে না।
মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন।
তিনি বেলা-ইপসাকে উদ্দেশ্য করে বলেন, "যারা শিপইয়ার্ড নিয়ে ষড়যন্ত্র করছে তারা দেশের উন্নয়ন চান না। ইয়ার্ড বন্ধের পাঁয়তারা করে বিদেশিদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/এমআই/১৬২২ ঘ.
bdnews24