জয়পুরহাট, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে সয়াবিন তেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ১টার দিকে শহরের আরাফাত ট্রেডিং এর তিনটি গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৮শ' ৮৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
আরাফাত ট্রেডিং এর মালিক আবুল কালাম আজাদ অনেক দিন ধরে মজুদদারী ব্যবসা করছিলেন বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস।
অভিযানের সময় আবুল কালাম আজাদ পালিয়ে গেলেও তার দুই কর্মচারীকে আটক করা হয়। ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার পর পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
রমেন্দ্র নাথ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জব্দ করা ওইসব তেলের বোতলের অধিকাংশতেই লেবেল ছিলো না। প্রায় চার মাস আগের মজুদ করা সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বাজারে বিক্রি করা হচ্ছিলো।"
রমেন্দ্র নাথ আরো বলেন, এ প্রতিষ্ঠানটি থেকে গত ১৫ দিনে যে পরিমাণ সয়াবিন তেল বাজারজাত করেছে তার কোনো চালান কাটা হয়নি।
জব্দ করা প্রায় ১২ লাখ টাকার সয়াবিন তেল রোববার দুপুরে সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় আজাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, ভোজ্যতেলের মধ্যে পাম তেলের দাম গত এক বছরে ৬১ শতাংশ বেড়েছে। অন্যদিকে, এক বছরে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৪৬ শতাংশ।
তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ডিসেম্বর-জানুয়ারি সময়ে দুই দফা দাম নির্ধারণ করে দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, ব্যবসায়ীরা সেই দাম অনুযায়ী তেল বিক্রি করছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬১৫ ঘ.
bdnews24