হবিগঞ্জ, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
শনিবার ভোররাত ৪টার দিকে লাখাই সড়কের রিচি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- লাখাই উপজেলার কামড়াপুর গ্রামের লাল মিয়ার ছেলে বদর উদ্দিন (২০) এবং গৌরহরি মোদক (৪৫) গৌরহরি পূর্ব বুল্লা গ্রামের হিরা লাল মোদকের ছেলে।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কান্তি দাস জানান, হবিগঞ্জ থেকে লাখাইয়ের বুল্লাবাজারগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি রিচিতে উল্টে পাশের খাদে পড়ে যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে ছাদে থাকা বদর ও গৌরহরি উল্টে ট্রাকের সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।"
আহত হন আমিন মিয়া (২৭) নামে অপর এক যুবক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৩৩ ঘ.
bdnews24