২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৮ ছিনতাইকারী-চোর গ্রেপ্তার

র‌্যাব ও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব ও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর অলংকার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া শুক্রবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন চৌধুরীহাট বাজার ও নগরীর বায়েজীদ এলাকা থেকে ১১ ট্রান্সফরমার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করে। পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায় গ্রেপ্তারকৃত ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন- দলের সর্দার হেমায়েত হোসেন (৪৪), আকমল ইসলাম ওরফে রিপন (৩৪), মো. মোস্তফা (২৮), মোহাম্মদ আলী (৩০), ফয়সাল আহম্মদ (৪০), মোহাম্মদ আলম (২৮) ও মোহাম্মদ ইউসুফ (২৮)। গ্রেপ্তারকৃতরা হুণ্ডির টাকা ছিনতাই করতে ঢাকা থেকে এসে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে অবস্থান নিয়েছিলো বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) মো. হাছান চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে থাকে। তাদের সঙ্গে হ্যান্ডকাপ ও ওয়্যারলেস সেট রয়েছে। তাদের সঙ্গে আরো কয়েকজন সহযোগী ছিলো, তারা পালিয়ে গেছে। গোয়েন্দা কর্মকর্তা হাছান জানান, চক্রটি ১৫ দিন আগে ঢাকার মিরপুরে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে। এদিকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে ধরা হয় ১১ জনকে। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- আবু তাহের (২৪), নজরুল ইসলাম (২২), ফারুক হোসেন (২৫), ইকবাল হোসেন (২০), সালাউদ্দিন (২০), জাহাঙ্গীর আলম (৪৫), ফোরকান উদ্দিন (২৩), মো. মামুন (২৩), মো. রুবেল (২০), শওকত আকবর (২৮) ও আব্দুল কাদের (২৭)। তাদের কাছ থেকে ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার কাটার দুটি কাটার, লম্বা প্লায়ার্স, রাবারের গ্লাভস, ১০ বস্তা বালি ও বেশ কয়েকটি খালি বস্তা জব্দ করা হয়। এএসপি বাবুল আক্তার জানান, হাটহাজারী থানা পুলিশের একটি দল চৌধুরীহাটে ট্রান্সফরমার চুরি করার সময় নয়জনকে গ্রেপ্তার করে। পরে নগরীর বায়েজীদ এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গত দুইমাসে হাটহাজারী এলাকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে মোট আটটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১২১ ঘ.