২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইয়ের সঙ্গে গুণীজনেরও মেলা

একেতো নুতন বইয়ের টান, তার সঙ্গে গুণীজনদের সান্নিধ্য- সব মিলিয়ে একুশের বইমেলা বাঙালির জন্য যেন সাধ পুরণেরই জায়গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একেতো নুতন বইয়ের টান, তার সঙ্গে গুণীজনদের সান্নিধ্য- সব মিলিয়ে একুশের বইমেলা বাঙালির জন্য যেন সাধ পুরণেরই জায়গা। বৃহস্পতিবার জমজমাট মেলার মধ্যেও 'গুণীজন মেলা' ছিল চোখে পড়ার মতো। এদিন মোড়ক উম্মোচন ও লেখক আড্ডায় এসেছিলেন অর্ধশতাধিক গুণীজন। বাংলা একাডেমী থেকে প্রকাশিত ড. মাহবুবুল হকের 'নজরুল তারিখ অভিধান' এর মোড়ক উম্মোচন শেষে উম্মুক্ত আড্ডায় যোগ দিয়েছিলেন অধ্যাপক পবিত্র কুমার সরকার, ড. গোলাম মুরশিদ ও লেখক নিজে। ভিড়ের মধ্যেও দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে ড. মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একুশের বইমেলার অন্যতম আকর্ষণ এই গুণীজন মেলা। বইমেলা ছাড়া আর কোথাও এতো গুণীজনদের একসঙ্গে পাওয়া কঠিন।" বইমেলার দশম দিন দশম দিনে বইমেলার নতুন বই এসেছে ৯৫টি। মোড়ক উম্মোচিত হয়েছে ১৬টি। এই কয়েক দিনে মেলায় এসেছে ৮৩৭টি নতুন বই। বৃহস্পতিবার প্রকাশিত নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১৭টি, উপন্যাস ২২টি, প্রবন্ধ ৭টি, কবিতা ১৮টি, গবেষণা প্রবন্ধ ৪টি, ছড়া ৩টি, শিশু সাহিত্য ৩টি, জীবনী/স্মৃতিচারণ ২টি, ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ ২টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ১টি, রাজনীতি ১টি, রম্য/ধাঁধা ৪ টি, অনুবাদ ২টি ও অন্যান্য ১০টি। মোড়ক উম্মোচন ও সাহিত্যিক আড্ডা মেলা প্রাঙ্গণে এদিন মোড়ক উম্মোচন ও লেখক আড্ডায় যোগ দিয়েছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, গবেষক ড. মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ভাষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, চিত্রশিল্পী জুনায়েদ আমিন, বিশিষ্টজন ড. গোলাম মুরশিদ, অধ্যাপক পবিত্র কুমার সরকার, লুৎফল আহসান, পীরজাদা শহীদুল হারুন, অ্যাডভোকেট আফজাল হোসেন, গোলাম সারোয়ার কবির ও সাংবাদিক বিদুৎ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/২২২৫ ঘ.