ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষার্থীর অবস্থা জানাতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেয়।
একটি বাংলা দৈনিকে বুধবার প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে আনলে এ নির্দেশ দেওয়া হয়। বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট সীমা জহুর।
'কিডনি হারিয়ে পরীক্ষা দেওয়া হলো না' শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, পাবনার কবি বন্দে আলী মিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র মোশারফ হোসেন এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। গত ২৪ জানুয়ারি পাশের বিদ্যালয়ের মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে।
এ পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আগামী ২৩ ফেব্র"য়ারি মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে হাইকোর্ট।
একইসঙ্গে আসামিদের কেন গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/০০০৭ ঘ.
bdnews24