ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ডিভাইডার নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সড়কগুলোর পাশে বাজার বসতে না দিতেও পুলিশকে বলা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 'মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধ' বিষয়ক এক সভা হয়।
সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে রোড ডিভাইডার নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যে সব রাস্তায় ডিভাইডার বসানো যাবে, কেবল সে সব রাস্তায় তা স্থাপন করা যাবে। সরু রাস্তায় ডিভাইডার দেওয়া হবে না।"
মহাসড়কে পাশে বাজার যেন না বসে, সে জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি সমাধানে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
মহাসড়কে চলাচলকারী যানবাহনে হেড লাইটের অর্ধেক রং করা, নসিমন, করিমনসহ অযান্ত্রিক যানবাহন যেন কোনোভাবেই মহাসড়কে চলতে না পারে তার ব্যবস্থা করতে পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।
ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি চালকরা যেন বেপরোয়াভাবে যানবাহন চালাতে না পারে, সে জন্য কড়া নজরদারি রাখতেও পুলিশকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, মহাসড়কে দুর্ঘটনা কবলিত যানবাহন যেন সহজে সরিয়ে নেওয়া যায়, সেজন্য পুলিশকে আরো সাতটি রেকার দেওয়া হচ্ছে।
সাহারা বলেন, "হেলমেট ছাড়া যেন মটর সাইকেল চালানো না যায়, সে জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুজনের বেশি আরোহী যেন মটর সাইকেলে না থাকে, সে ব্যাপারেও কড়া নজরদারি করা হবে।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, "মহাসড়কের সুনির্দিষ্ট স্থানে চেকিং এর ব্যবস্থা করা হবে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে।"
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- সাংবাদিকরা এ প্রশ্ন করলে তার জবাবে তিনি বলেন, "গত দুই বছরে মহাসড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24