ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীর সঙ্গে আপসের পরামর্শ দেওয়ায় অভিযোগ ওঠায় বরগুনার বেতাগী থানার ওসি মো. শাহ আলম ও সহকারী উপ-পরিদর্শক মো. ফারুক হোসেনকে আগামী ১৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন এ নির্দেশ দিয়েছে।
বুধবার দৈনিক প্রথম আলো পত্রিকায় 'মেয়েটির এসএসসি পরীক্ষা শেষ করা হবে না!' শীর্ষক খবর আদালতে নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেওয়া হয়।
আদালত একই সঙ্গে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে ঘটনার শিকার পরিবারকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।
হাইকোর্টের আইনজীবী শেখ আলী আহমদ খোকন সংবাদটি আদালতে নজরে আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫০০ ঘ.
bdnews24