ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার নতুন জেলা জজ আদালত ভবনের আট তলা থেকে পড়ে যাওয়া আইনজীবীর ছেলেকে মৃত বলে সনাক্ত করেছে পুলিশ।
নিহত যুবকের নাম সাইদুল মোরসালিন (২৬)। তার বাবা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
এ ঘটনায় আহত হয়েছেন তিন আইনজীবী।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, মৃতের পকেটের মানিব্যাগে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা, "আমার মৃত্যুর জন্য আব্বু-আম্মু তুমি দায়ী।"
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চিরকুটের কথা জানান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মৃতদেহের একটি হাত ও একটি পা ভাঙা এবং মোচড়ানো।
মৃতদেহের পরনের কাপড়ের পকেটে একটি মোবাইল টেলিফোন পাওয়া গেছে।
আট তলা থেকে যুবকটি তিন আইনজীবীর ওপর পড়েন। এতে আইনজীবীরা আহত হন।
আহতরা হলেন- আক্তার জাহান তারা, সাইফুল ইসলাম চৌধুরী কামাল এবং মামুনুর রশীদ। তারা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/আরএম/পিডি/১২০৯ ঘ.
bdnews24