ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার গত দু'বছরে তাদের অঙ্গীকারের অধিকাংশই পূরণ করেত পারেনি বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক- সুজন।
আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তিতে সুজন রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'দিনবদলের সনদের অঙ্গীকার ও বাস্তবতা' শীর্ষক পর্যালোচনা উপস্থাপন করে।
সরকারের নির্বাচনী ইশতেহার থেকে ২৩টি গুরুত্বপূর্ণ কর্মসূচি চিহ্নিত করে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে পাঁচটি খাত নিয়ে পর্যালোচনা করা হয়।
এগুলো হলো- দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ বিশ্বমন্দার মোকাবেলা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ, দারিদ্র্য ও বৈষম্য নিরসন এবং সুশাসন প্রতিষ্ঠা।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার লিখিত বক্তব্যে বলেন, "নতুন রাজনৈতিক সংস্কৃতি গড় তুলতে না পারাটা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। রাজনৈতিক সংস্কৃতিতে অসহযোগিতার মানসিকতা, প্রতিশোধ পরায়ণতা, অসহিষ্ণুতা, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে। প্রশাসনে চরম দলীয়করণ চলছে এবং প্রশাসনকে গণমুখী করতে কোনো সংস্কার করা হয়নি।
"ক্ষমতার বিকেন্দ্রীকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারী ও দলীয় ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রীক। ফলে স্থানীয় সরকার দুর্বল হয়ে পড়ছে।"
এতে বলা হয়, অতীতের মতো দলীয় অনুগতদেরকেই বিচার বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে বাছাই কমিটি গঠন করা হয়নি। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।
পর্যালোচনায় বলা হয়, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারের প্রতিশ্র"তি সত্ত্বেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই চলছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে দাবি করে পর্যালোচনায় বলা হয়, দুর্নীতি দমন কার্যক্রম জোরদারে সরকার পুরোপুরি ব্যর্থ। ফলে তরুণ ও সচেতন নাগরিকদের সমর্থন হারিয়েছে সরকার।
সংসদীয় কমিটির তদন্তে সংসদের সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাষ্ট্র ও সমাজের সর্বস্তর থেকে ঘুষ ও দূর্নীতি উচ্ছেদে পদক্ষেপ নেয়নি সরকার।
সব শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের কাছে জিম্মি হয়ে পড়েছে উল্লেখ করে বলা হয়, সরকারি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
অবশ্য, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু, গ্রেনেড হামলা মামলার পুনতদন্ত, কৃষিতে ভর্তুকি প্রদান, শিক্ষানীতি প্রণয়ন, জঙ্গীবাদ দমনে কঠোর অবস্থানসহ সরকারের কিছু সাফল্য রয়েছে বলে মনে করে সুজন।
পর্যালোচনা উপস্থাপন অনুষ্ঠানে বিচারপতি কাজী এবাদুল হক, জাসদ নেতা আ স ম আব্দুর রব, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, সুজনের নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
সঞ্চলনায় ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজ উদ্দিন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24