চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের বাবা অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে।
বৃৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রাঙ্গুনিয়া হাই স্কুল মাঠে ও পদুয়ার সুখবিলাস মসজিদ প্রাঙ্গনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান নুরুচ্ছাফা তালুকদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা ও চট্টগ্রামে মোট ছয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট নুরুচ্ছাফার দাফন সম্পন্ন হয়েছে।
সকালে নগরীর লালদীঘির ময়দানে অনুষ্ঠিত চতুর্থ জানাজায় সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিসিসি মেয়র মনজুর আলম, সাংসদ মোশারফ হোসেন, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় তৃতীয় জানাজা হয়।
নুরুচ্ছাফার প্রথম ও দ্বিতীয় জানাজা হয় ঢাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩১২ ঘ.
bdnews24