ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, মুন্সীগঞ্জে নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে পদ্মার অন্য পাড়ে।
বৃহস্পতিবার রাজধানীতে তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে গত ৩১ জানুয়ারি ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ এবং প্রশ্নের জবাব দেওয়া মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা বক্তব্য দেন।
শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এছাড়া মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেন। চারটি মামলায় মোট ২১ হাজার জনকে আসামি করা হয়।
খালেদাকে আসামি করার প্রতিবাদ এবং আরো কয়েকটি দাবিতে আগামী ৭ ফেব্র"য়ারি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
'বিমানবন্দর হলে আশপাশেরও উন্নয়ন হয়'
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, "একটি বিমানবন্দর হলে শুধু পাইলট বা বিমানবন্দর সংশ্লিষ্টদেরই চাকরি হয় না। আশাপাশের এলাকারও উন্নয়ন হয়।"
এরপর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, "তিনি মুন্সীগঞ্জের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন। তিনি উন্নয়ন চান না।"
মুন্সীগঞ্জে বিমানবন্দর না হওয়ায় সেখানকার অধিবাসীদের যে-ক্ষতি হয়েছে সেজন্য তাদের ক্ষতিপূরণ দিতে খালেদার প্রতি ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী।
বাংলা দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার প্রশ্ন করতে গিয়ে বলেন, "আড়িয়ল বিলের জনগণকে আগে থেকে বোঝালে এই পরিস্থিতির সৃষ্টি হয়তো হতো না।
এর জবাবে শেখ হাসিনা বলেন, "হাজার ব্যাখ্যা দিলেও তারা [বিরোধী দল] বিরত হবে না। পদ্মার ওপারে বিমানবন্দর করার সিদ্ধান্ত নিয়েছি।"
"বাতি জ্বালাতেই হবে। ওপারের মানুষের দীর্ঘদিনের একটা বিমানবন্দরের দাবি ছিলো।"
শেখ হাসিনা বলেন, "আমরা চেয়েছিলাম এই বিমানবন্দর হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন।"
বিমানবন্দর নির্মাণ হলে ফসলি জমি নষ্ট হবে বলে যে মত উঠেছে তার জবাবে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের মতো ছোট্ট জায়গায় কোথাও কোনো পতিত জায়গা আছে? আমরা জলাধার রক্ষা করেই বিমানবন্দর নির্মাণ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিমানবন্দর এপারেই হোক।"
এ সময় তিনি মুন্সীগঞ্জের সহিংস ঘটনার বেশ কয়েকটি স্থির চিত্র দেখিয়ে বলেন, "আমি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি। কিন্তু, রামদা নিয়ে এভাবে কেউ দাঁড়িয়ে যাবে- তা ভাবিনি। আমি ভাবিনি এভাবে পুলিশের একজন সদস্যকে হত্যা করা হবে।"
ওই ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্যের পরিচয় দেওয়ায় তাদের ধন্যবাদ জানান সরকার প্রধান।
শেখ হাসিনা অভিযোগ করেন, "বিরোধী দল যখন ক্ষমতায় ছিলো তখন কোনো উন্নয়ন করেনি। সরকার এখন উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিচ্ছে।"
"কিন্তু, বিরোধী দল তাতেও বাধা দিচ্ছে। তারা কাদের স্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিচ্ছে?"
বুধবারই ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী
বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের মানুষ না চাইলে আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না।
বৈঠকে শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই কথা জানান।
ওই মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, সহিংসতা বা বিশৃঙ্খলা হোক, এমন কোনো কাজ বর্তমান সরকার করবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। জনগণের কাছে আওয়ামী লীগের জবাবদিহিতা রয়েছে। এজন্য জনগণ না চাইলে প্রয়োজনে প্রস্তাবিত নতুন বিমানবন্দর আড়িয়ল বিলের পরিবর্তে অন্যত্র হবে।"
"তবে অদূরদর্শী লোকরাই আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের বিরোধিতা করছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন", বলেন ওই মন্ত্রী।
মুন্সীগঞ্জের মতো সহিংস ঘটনা যেন আর না ঘটে- তা নিশ্চিত করতে সরকার 'কঠোর আইনগত' ব্যবস্থা নেবে বলে বুধবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মুন্সীগঞ্জের ঘটনায় জড়িত সন্দেহে বুধবার পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই ঘটনার নেপথ্যের ব্যক্তিদের আটক করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৩ ঘ.
bdnews24