২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে ১৫ জনের যাবজ্জীবন

বাগেরহাটে চিংড়ি ঘের ইজারাদার সিরাজুল ইসলাম লিটন হত্যা মামলায় একই পরিবারের সাতজনসহ ১৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে চিংড়ি ঘের ইজারাদার সিরাজুল ইসলাম লিটন হত্যা মামলায় একই পরিবারের সাতজনসহ ১৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। এ সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের সদস্যরা হলেন- মংলা উপজেলার আরজি মাকড়ডোন গ্রামের হানিফ মল্লিক, নজরুল মল্লিক, ওহাব মল্লিক, কামরুল মল্লিক, হানিফ মল্লিকের ছেলে মো. আলমগীর মল্লিক ও এখলাছ মল্লিক, ওহাব মল্লিকের ছেলে মো: সাগর মল্লিক। অপর সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের হাকিম মল্লিক, মো. ছমির শেখ, কামরুল মল্লিক, কামাল মল্লিক ও জামাল মল্লিক, আরমান, মো. সামছুর রহমান ও নিয়ামত খান। খালাসপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আব্দুল জলিল মল্লিক, আলতাফ মল্লিক, জাফর মল্লিক ও অলি মল্লিক। মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালে ১৭ জানুয়ারি আসামিরা মংলার আরজি মাকড়ডোন এলাকা সিরাজুলের একটি চিংড়ি হামলা চালায়। এ সময় তারা সিরাজুল, তার দুই কর্মচারী মো. মহারাজ ও আলমগীরকে কুপিয়ে আহত করে এবং মাছ লুঠ করে। পরে আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল মারা যান। এই ঘটনায় নিহতের ভাই ইজারাদার সাঈদুর রহমান বিপুল বাদি হয়ে ১৯ জানুয়ারি মংলা থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪২ ঘ.