ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মানহানিকর' কিছু লেখার দায়ে সাংবাদিক ও লেখকের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান সংশোধনসহ 'ফৌজদারী কার্যবিধি (সংশোধন) বিল ২০১০' পাস হয়েছে।
প্রধান বিরোধী দল বিএনপি ও এর শরিকদলের অনুপস্থিতিতে বুধবার আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে এটি পাস হয়।
গত ৩ জানুয়ারি সংসদে উত্থাপন করা হলে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেন স্পিকার।
বিলে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮ এর ৫০০ ধারায় 'পরোয়ানা' শব্দের স্থলে 'তলব' শব্দ বসানো হয়েছে।
নতুন আইন অনুযায়ী, 'মানহানিকর' কোনো কিছু লেখা বা প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা লেখক বা সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরেয়ানা জারির আগে সমন জারি করতে হবে।
আগে অভিযোগের ভিত্তিতে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যেত।
সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন এই আইনটি গত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জারি করা একটি অধ্যাদেশের 'অনুলিপি'।
আওয়ামী লীগ সরকার গঠনের পর সংসদ এই অধ্যাদেশটি গ্রহণ না করায় তা বাতিল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসইউএম/পিডি/২০২৫ ঘ.
bdnews24