ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঘ মাসের বিকেলে তিনটা বাজতেই স্টলে স্টলে বই সাজিয়ে বসে পড়লেন বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা। মেলা প্রাঙ্গনে ভেসে বেড়ালো 'অমর একুশের গ্রন্থমেলা' গানটি। সন্ধ্যার পর দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়লো, তবে তাদের অধিকাংশই ঘুরে ঘুরে বই দেখলেন, কিনলেন কম।
বুধবার অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন বাংলা একাডেমী প্রাঙ্গণ ঘুরে এমন চিত্রই দেখা গেল।
"এখন পাঠকরা বই দেখছেন আর পছন্দ করছেন। কয়েকদিন পর মেলা আরো জমবে, বই বিক্রিও বাড়বে। তারপরও মেলার শুরু হিসাবে বই বিক্রি ভালোই বলতে হবে," জানালেন, ইতি প্রকাশনা সংস্থার বিক্রেতা আমান উল্লাহ।
এদিকে বাংলা একাডেমীর পক্ষ থেকে মেলা শুরুর আগেই স্টল নির্মাণ ও সাজসজ্জা শেষ করার নির্দেশনা থাকলেও ৪৬টি স্টল বুধবার পর্যন্ত চালু হয়নি।
একাডেমী প্রাঙ্গণের ১০টি, বাইরের রাস্তার ২৪টি এবং লিটল ম্যাগাজিন চত্তরের ১২টি স্টল মালিকরা তাদের কার্যক্রম শুরু করতে পারেননি। এদের মধ্যে কেউ এখনো স্টল নির্মাণের কাজ করছেন। কেউ আবার সাজসজ্জা নিয়ে ব্যস্ত। কয়েকটি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিলেও তাদের জায়গা খালিই পড়ে আছে।
বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের উপপরিচালক মুর্শিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টল বরাদ্দ দিতে দেরি হওয়ার কারণেই এমন হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী এসেছিলেন বলে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনের ২৪ঘণ্টা আগেই স্টল নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছিল। একারণেও কিছু স্টলের দেরি হয়েছে।"
তবে বৃহস্পতিবারের মধ্যে স্টল নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ করতে না পারলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মেলার দ্বিতীয় দিনে মূলমঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভা হয়। আর নজরুল মঞ্চে যথারীতি নতুন বইয়ের মোড়ক উন্মোচন চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৪৮ ঘ.
bdnews24