ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে মেলায় আনা গন্ধগোকূলটির ঠাঁই হয়েছে যমুনা ইকোপার্কে। বন বিভাগের উদ্যোগে বিরল প্রজাতির এ প্রাণীর বন্দি জীবনের অবসান ঘটলো।
গন্ধগোকূলটি গত ১৮ জানুয়ারি যমুনা নদী তীরে অবস্থিত রাসেল পার্কে হস্ত ও কুটির শিল্প মেলায় আনা হয়। মেলা শেষ হওয়ার পর এটি সিরাজগঞ্জের সাবেক কমিশনার আমির হোসেনের জিম্মায় ছিলো।
স্থানীয়দের কাছে খবর পেয়ে বন বিভাগ প্রাণীটিকে উদ্ধারের উদ্যোগ নেয়।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত যমুনা ইকোপার্কের ডেপুটি রেঞ্জার খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরল বন্যপ্রাণীটি উদ্ধারের পর ইকোপার্কে উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।
সাবেক ওয়ার্ড কমিশনার আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কান্দাপাড়া এলাকার অচেনা এক ব্যক্তি গন্ধগোকূলকে মেলায় নিয়ে আসে। মেলা কর্তৃপক্ষ তার কাছ থেকে ২ হাজার টাকায় এটি কিনে নেয়, যা মেলায় দেখানো হয়।
২৫ জানুয়ারি মেলা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এটি আমিরের কাছে ছিলো। যা নিয়ে সমস্যায় পড়ার কথাও জানান তিনি।
আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গন্ধগোকূলটি বাসায় এনে অনেকটা বিপাকে পড়েছিলাম। ছেড়ে দিলে কেউ মেরে ফেলতে পারে। যে কারণে ছেড়েও দিতে পারছিলাম না। প্রাণীটির খাবার কী, তাও জানতাম না।"
গন্ধগোকূলটিকে শুধু কলা খাওয়ানো হতো বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৮ ঘ.
bdnews24