২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়াবাজদের বিচার চেয়ে বিক্ষোভ-মানববন্ধন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফতোয়াবাজদের দোররায় কিশোরীর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফতোয়াবাজদের দোররায় কিশোরীর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া চারজন পুলিশের জিজ্ঞাসাবাদে দোররা মারার কথা স্বীকার করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরে উপজেলার চামটা ইউনিয়নের চামটা গ্রামের দরবেশ খানের মেয়ে হেনা আক্তারকে (১৪) স্থানীয় সালিশে একশ'টি দোররা (কঞ্চি দিয়ে পিটুনি) মারার এক সপ্তাহ পর গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সঙ্গে সম্পর্ক থাকা চাচাতো ভাই মাহবুব হোসেনকেও একই শাস্তি দেওয়া হয় গ্রাম্য সালিশ বৈঠকে। অভিযোগ রয়েছে, তাদের দোররা মারার বিধান দেন চামটা ইউনিয়ন পরিষদের এক সদস্য, গ্রাম্য মাতব্বর, মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার প্রধান শিক্ষক। ঘটনার পর ইউপি সদস্য ইদ্রিস শেখ পলাতক রয়েছেন। হেনার বাবা দরবেশ খান মঙ্গলবার রাতে মাহবুব হোসেনকে (৩৫) প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় হত্যা মামলা করেন। বাকি আসামিদের মধ্যে আছেন- মাহবুব হোসেনের বাবা রবিউল খান, স্ত্রী শিল্পী আক্তার, দোররা মারা রব মীরমালতের স্ত্রী জাহানারা বেগম, আবদুল হালিম খানের স্ত্রী মোর্শেদা বেগম, চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ইদ্রিস শেখ, আক্কাস মীরমালত, ইয়াসিন মীরমালত, দীল মোহাম্মদ মীরমালত, আলাবক্স করাতী, জয়নাল মীরমালত, লতিফ মীরমালত, আবদুল হাই মীরমালত, মাঝিবাড়ি মসজিদের ইমাম হাফেজ মো. মফিজ উদ্দিন, চামটা আলহাজ্ব আবুল বাশার উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান, জাহানারা বেগম, মো. হাসান। এদের মধ্যে ইমাম মফিজ, শিল্পী, লতিফ ও আলাবক্সকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজত চায় পুলিশ। শুনানির পর হাকিম উৎপল ভট্টাচার্য তিনদিন হেফাজত মঞ্জুর করেন। নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার চারজন দোররা মারার কথা স্বীকার করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা দরকার।" পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম শহিদুর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হেনার বাবা দরবেশ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রাম্য মাতব্বররা প্রভাবশালী। তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। আমার মেয়েকে নির্মমভাবে দোররা মেরে যারা হত্যা করলো আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।" এদিকে, বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, আমরাই পারি, মানবাধিকার কমিশন, সুশাসনের জন্য নাগরিক (সুজন), শরীয়তপুর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ ও মহিলা সংস্থাসহ বেশ কিছু সংগঠন। পরে ওই সংগঠনগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেনডেন্ট ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন- মানবাধিকার কমিশন শরীয়তপুর শাখার সভাপতি নারী নেত্রী রওশনারা বেগম, অ্যাডভোকেট রাধা রাণী, অ্যাডভোকেট মাহবুবা শিল্পী, সুজন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ইসমাইলী, শরীয়তপুর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আসমত আলী খান, অ্যাডভোকেট পিন্টু লাল শাহা, অমলা রাণী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৪৬ ঘ.