২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনার মৃত্যু প্রতিরোধে কী ব্যবস্থা ছিলো: হাইকোর্ট

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফতোয়াবাজদের দোররার শিকার এক কিশোরীর মৃত্যুর ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছিলো কি না, প্রশাসনের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফতোয়াবাজদের দোররার শিকার এক কিশোরীর মৃত্যুর ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছিলো কি না, প্রশাসনের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। হাইকোর্টের দুটি বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে বুধবার এ আদেশ দেয়। পাশাপাশি ফতোয়া বিষয়ে আদালতের আগের আদেশ বাস্তবায়নের জন্য কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। গত বছরের ৮ জুলাই ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে। আদালত ওই সময় সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষকে ফতোয়ার নামে বিচার বহির্ভূত শাস্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। তবে গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার (১৪) সোমবার মারা গেলে বিষয়টি আবার আদালতের গোচরে আসে। মঙ্গলবার তা সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সীমা জহুর বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চের গোচরে আনলে আদালত আদেশ দেয়। হেনার মৃত্যু প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিলো- তা জানাতে নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শরীয়তপুরের জেলা প্রশাসককে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। হাইকোর্টের আগের রায়ের উল্লেখ করে সীমা জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের একটি ফতোয়াবিরোধী রায় আছে। এ কারণে ফতোয়া চলতে পারে না। তাই এ ধরনের ঘটনা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিলো কি না, হাইকোর্ট সেটাই জানতে চেয়েছে।" একই বিষয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চের নজরে আনেন ব্যারিস্টার সারা হোসেন। এ আদালতও সরকারের প্রতি একই আদেশ দেয়। এই আদালত তাদের পর্যবেক্ষণে বলেছে, "ইতোপূর্বে দেওয়া রায় বাস্তবায়ন না করায় এ ঘটনা ঘটেছে।" হাইকোর্টের গত বছরের রায়ে আইন প্রয়োগকারী সংস্থা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে রায়ের বিষয়বস্তু জনগণকে জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছিলো। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়কে স্কুল-কলেজ ও মাদ্রাসায় এ সংক্রান্ত প্রবন্ধ, নিবন্ধ ও সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণের জন্য বলা হয়েছিলো। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ তথ্য মন্ত্রণালয়কে ওই রায়ের অংশ বিশেষ (ধারা ৩ এবং ৪) প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছে। সারা হোসেন সাংবাদিকদের বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছে আদালত। তা জানাবে শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে হাইকোর্টের ওই রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তিন সপ্তাহের মধ্যে তা জানাতে এই বেঞ্চও সরকারকে বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/আরএ/এমআই/১৬৫৯ ঘ.