২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিশ্বকাপের নৌ শোভাযাত্রা

'বিশ্বকাপ আইস্যে, চট্টগ্রামবাসী জাইগ্যে' এ শ্লোগান নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হলো বিশাল নৌ শোভাযাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিশ্বকাপ আইস্যে, চট্টগ্রামবাসী জাইগ্যে' এ শ্লোগান নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হলো বিশাল নৌ শোভাযাত্রা। বিশ্বকাপকে সামনে রেখে স্থানীয় ঐতিহ্য তুলে ধরা এবং নগরবাসীকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) এ নৌ শোভাযাত্রার আয়োজন করে। এতে সিসিসি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সাংবাদিকরা অংশ নেন। মঙ্গলবার সকাল ১১টায় কর্ণফুলী নদী সংলগ্ন নগরীর সদরঘাট এলাকায় শোভাযাত্রার উদ্বোধন করেন সিসিসি মেয়র এম মনজুর আলম। উদ্বোধনী বক্তব্যে মনজুর আলম বলেন, "দলমত নির্বিশেষে সবার আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে বিশ্বকাপ আয়োজন সফল করা হবে। এজন্য আমরা সবাই দলমতের উর্ধ্বে উঠে এ শোভাযাত্রায় অংশ নিয়েছি।" চট্টগ্রামে যেকোনো ধরনের রাজনৈতিক বাধা-বিপত্তি ছাড়াই বিশ্বকাপের ম্যাচগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম মহানগরীতে সব ধরনের প্রস্তুতি শেষ হবে। ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, "বিশ্বকাপ ক্রিকেট শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের। বিশ্বকাপে সুন্দর এই মিলনমেলা গড়তে ও সফল করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।" নৌ শোভাযাত্রাটি সদরঘাট থেকে কর্ণফুলী নদী দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। সিসিসি'র সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫০ টি সাম্পান, আটটি ছোট জাহাজ, ছয়টি স্পিডবোটে করে প্রায় ১৪শ জন এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। তিনি জানান, বিভিন্ন জাহাজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। এই প্রথম ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ বসছে বাংলাদেশেও। ১৭ ফেব্রুয়ারি হবে উদ্বোধন। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি বেশ কয়েকটি খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৩৩১ ঘ.