ঝিনাইদহ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে তার স্বজনরা।
শুক্রবার গভীর রাতে ঝাউদিয়া গ্রামের সাজেদা বেগম (৬০) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে মারা যান।
এতে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়ের দায়িত্বে অবহেলার অভিযোগে রোগীর স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।
ওই সময় হাসপাতালের সংশ্লিষ্টরা কর্তব্যে অবহেলা হয়েছে বলে লিখিত দিয়েছেন। এ ব্যাপারে রোববার হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডাকা হয়েছে।
ঝাউদিয়া গ্রামের কলেজ শিক্ষক এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চাচী সাজেদা বেগমের শ্বাসকষ্ট শুরু হলে রাত ৩টা ১০মিনিটে শৈলকুপা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এরপর জরুরি বিভাগে কর্বত্যরত মেডিকেল অ্যাসিস্টেন্ট তরকিুল ইসলাম একটি প্রেসক্রিপশন লিখে রোগীকে ওয়ার্ডে পাঠিয়ে দেন।
কিন্তু সেখানে নার্স ও ওয়ার্ডবয় প্রথমে একটি খালি সিলিন্ডার থেকে রোগীকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে। পরে জানায় হাসপাতালে অক্সিজেন নেই। তারা রোগীর আত্মীয়দের বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার আনতেও বলে।
এনায়েত আরো বলেন, হাসপাতালে জীবন রক্ষাকারী জরুরি ওষুধ থাকা সত্ত্বেও বাইরে থেকে আনতে বলে। পরে আবার দেওয়া হয়।
ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল হাসপাতালের দোতলায় থাকলেও বিলম্বে রোগী দেখতে আসেন বলেও এনায়েত অভিযোগ করেন।
তিনি আরো জানান, হাসপাতালের নথিতে রাত ৩টা ৪৫ মিনিটে রোগীর মৃত্যুর কথা বলা হলেও প্রকৃতপক্ষে মৃত্যু হয় রাত ৩টা ৫০ মিনিটের পর।
এনায়েত জানান, অবহেলায় সাজেদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকে গ্রামবাসী হাসপাতাল প্রাঙ্গণে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে।
ওই সময় মারমুখী জনতার কাছে চিকিৎসক মোস্তফা কামাল, মেডিকেল অ্যাসিস্টেন্ট তরিকুল ইসলাম, নার্স বিলকিস বেগম ও ওয়ার্ডবয় সিরাজুল ইসলাম লিখিত দেন, আমাদের দায়িত্বহীনতার কারণে রোগীর মৃত্যু হয়েছে।
ভোরে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার ও ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু হাসপাতালে গিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করেন।
এ ব্যাপারে মেডিকেল অ্যাসিস্টেন্ট তরিকুল তার কর্তব্যে অবহেলার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগী জরুরি বিভাগে আসার সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন করে আমি ওয়ার্ডে পাঠিয়েছি।”
ডা. মোস্তফা কামাল দায়িত্বে অবহেলার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কল পাওয়ার ৫ মিনিটের মধ্যেই তিনি ওয়ার্ডে গিয়ে দেখেন রোগী মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেকমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালের স্টোরে অক্সিজেন সিলিন্ডার মজুত ছিল। তাছাড়াও প্রয়োজনীয় ওষুধও ছিল।”
ডা. হেকমত আলী নার্স ও ওয়ার্ড বয়ের অবহেলার কথা স্বীকার করেন।
উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে রোববার সকালে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডাকা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24