২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: হেফাজত শেষে মোন্তাজ কারাগারে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে পুলিশ হেফাজত শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

নরসিংদী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে পুলিশ হেফাজত শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার নরসিংদীর বিচারিক হাকিম নিভানা খায়ের জেসী এ আদেশ দেন। মোন্তাজের এক দিনের হেফাজত (রিমান্ড) শেষে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ মন্ডল তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। এসময় মোন্তাজের আইনজীবীরা তার রিমান্ডের আবেদন খারিজ করে জামিনের আবেদন জানান। আদালত সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এজাহারে মোন্তাজের নাম রয়েছে ৪ নম্বরে। গত বৃহস্পতিবার নরসিংদীর প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মোন্তাজ। লোকমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল এরপর তাকে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিচারক এক দিনের হেফাজত মঞ্জুর করেন। শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ নরসিংদীর মেয়রের শূন্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্রও দাখিল করেছিলেন। তবে স্বাক্ষরে অমিল থাকায় গত মঙ্গলবার তা বাতিল করে নির্বাচন কমিশন। লোকমান হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত মোস্তাজসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১০ ঘ.