ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা মামুনুর রশিদকে (৩২) গুলি করে ও বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা, যিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানের ভাগ্নে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেরুল বাড্ডা আনন্দনগর সমাজকল্যাণ অফিসের সামনে মামুনের ওপর হামলা হয় বলে পরিবারের সদস্যরা জানান।
প্রাথমিকভাবে মামুনের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন দেখা গেছে। বিস্ফোরণে ঝলসে গেছে তার পিঠ, মুখসহ দেহের কিছু অংশ।
নিহতের ভাই সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, গুলি ও বোমার শব্দ পেয়ে সমাজ কল্যাণ অফিসের সামনের গিয়ে ভাইকে রক্তাক্ত আবস্থায় পান তারা। প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা জানান, মামুন মারা গেছে।
সুমন অভিযোগ করেন, “মাটি ভরাট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর ও আলমগীর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
নিহত মামুন আওয়ামী সেচ্ছাসেবক লীগের মেরুল বাড্ডা এক নম্বর ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলেন। তিন-চার দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে মামুন বাড্ডা থানায় কয়েকদিন আগে একটি সাধারণ ডায়েরি করেন।
বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলি করে ও বোমা মেরে মামুনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ হতাহত হননি।”
মামুনের বন্ধু জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে প্রায় দুইশ গজ দূরে একটি খালি জায়গায় মাটি ভরাট নিয়ে স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এর জের ধরেই মামুনকে হত্যা করা হয়েছে বলে তার ধারণা।
মামুনদের গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। তিন ভাইয়ের মধ্যে তিনিই বড় ছিলেন।
ওসি জানান, আনন্দনগর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৪শ’ গজ ধাওয়া করে আনন্দনগর সমাজ উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে মামুনকে হত্যা করে সন্ত্রাসীরা। আশেপাশের দোকানের লোকজনও এ ঘটনা দেখেছে।
হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ইমান আলি জেনারেল স্টোরের কর্মচারী আহসানুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রধারী ৪/৫জন যুবকের ধাওয়া খেয়ে রক্তাক্ত অবস্থায় মামুন তাদের দোকানে ঢুকে পড়ে। এ সময় ওই যুবকরাও দোকানে ঢুকে মামুনকে টেনে হিঁচড়ে বের করে দোকানের সামনে নিয়ে বেশ কয়েক রাউণ্ড গুলি করে।
“অবস্থা দেখে দোকান খোলা রেখেই আমরা পালিয়ে যাই” যোগ করেন আহসানুল্লাহ।
মামুনকে ধাওয়া করার সময় সন্ত্রাসীরা বেশ কয়েকটি বোমা ফাটায় এবং গুলি করে বলে জানান হান্নান নামের এক স্থানীয় বাসিন্দা।
ওসি জানান, মামুনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশকে মারধর, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১৬২৪ ঘ.
bdnews24