২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নকল ওষুধের কারখানা, মালিক গ্রেপ্তার

গাজীপুরে নকল ও ভেজাল ঔষধ তৈরির এক কারখানা সনাক্ত করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

গাজীপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে নকল ও ভেজাল ঔষধ তৈরির এক কারখানা সনাক্ত করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিককে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার তেলিরপাড়ায় ওই কারখানার সন্ধান পায় র‌্যাব-১ সদস্যরা। এ ঘটনায় কারখানা মালিক হিকমত আলী (৪০) গ্রেপ্তার হন। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত তাকে ভোক্তা অধিকার আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। র‌্যাব-১ সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস জানান, তেলিপাড়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসী মীর হোসেনের ভাড়া বাড়িতে ওই কারখানার সন্ধান পাওয়া যায়। “টাঙ্গাইলের মির্জাপুর থানার ছিতেশ্বরী গ্রামের হিকমত আলী চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে ভাড়া নেওয়ার ছয় মাস পরে সেখানে ওষুধ তৈরির কারখানা স্থাপন করে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ উৎপাদন ও বিপণন করে আসছেন।” অভিযানে র‌্যাব সদস্যরা কারখানা থেকে নকল এনার্জি ড্রিংকস, যৌন উত্তেজক বড়ি, কফ সিরাপ, মাল্টিভিটামিন, বড়ি, সিরাপসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ এবং সরঞ্জাম জব্দ করে। এ কারখানায় তৈরি এসব ঔষধ একটি চক্রের মাধ্যমে বাজারজাত করে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা খান কারখানা মালিককে দণ্ড দেন। তিনি ওই কারখানার সব ভেজাল ওষুধ, উপকরণ ও সরঞ্জাম ধ্বংসেরও নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২৩২৫ ঘ.