২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই পরিণতির ‘হুমকি’ সেঁজুতির মা-বোনকে

মামলা প্রত্যাহার না করলে ‘ধর্ষণের পর আত্মহননকারী’ সেঁজুতির মা ও বোনেরও একই পরিণতি হবে বলে হুমকি দিয়েছে জামিনে মুক্তি পাওয়া আসামিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বরিশাল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা প্রত্যাহার না করলে ‘ধর্ষণের পর আত্মহননকারী’ সেঁজুতির মা ও বোনেরও একই পরিণতি হবে বলে হুমকি দিয়েছে জামিনে মুক্তি পাওয়া আসামিরা। মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সেঁজুতির মা হাফিজা বেগম এ অভিযোগ করেন। সেঁজুতিকে অপহরণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলার বাদি হাফিজা বেগম। সেঁজুতির ছোট বোন নবম শ্রেণীতে পড়ে। বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার মেয়ে সেঁজুতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো। দুটি উপজেলা পাশাপাশি। সেঁজুতির পরিবারের অভিযোগ, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় চাচাত ভাই নয়ন কৌশলে সেঁজুতিকে ঘর থেকে ডেকে নেয়। পরে একই গ্রামের নাসির আকন, শামীম আকন, মো. সবুজ মিয়া, মো. রাজিব ও সাইফুল প্যাদাসহ ছয় জন তাকে পাশের বাগানে ধর্ষণ করে। এর কয়েকদিন পরই আত্মহত্যা করে সেঁজুতি। সংবাদ সম্মেলনে হাফিজা বেগম বলেন, আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি ফারুক ও অশ্র“ বেগম (দুই মামলার প্রধান আসামি নয়নের বাবা ও মা) গত ১৫ ডিসেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে আসেন। ওই আদালত থেকে গত সোমবার জামিন পান একই মামলার অন্য দুই আসামি হাসেম মৃধা ও বারেক মৃধা। “ফারুক ও অশ্র“ গত ২০ ডিসেম্বর বাসায় এসে হুমকি দিয়েছে, ওই ঘটনার দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে আমাদেরও একই পরিণতি বরণ করতে হবে,” বলেন হাফিজা। আসামিদের পক্ষে নানা তৎপরতায় অভিযোগে গ্রেপ্তার বড় রঘুনাথাপুর গ্রামের আলতাফ মল্লিকও জামিনে মুক্ত হয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ সেঁজুতির মায়ের। হাফিজা বলেন, “আসামিরা একে একে জামিনে মুক্ত হয়ে মামলা ভিন্নখাতে নিতে নানা তৎপরতা চালাচ্ছে। এই কাজে তাদের সহযোগিতা করছে ‘থানার চিহ্নিত দালাল’ বিসমিল্লাহ কামাল।” এ সব হুমকির ঘটনায় বাকেরগঞ্জ থানায় তিনটি সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/১৬৫৪ ঘ.