২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রনেতা হত্যার বিচার চান উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবি করেছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবি করেছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। বুধবার দুপুরে চবি স্টেশন চত্বরে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ বিচার দাবি করেন। উপাচার্য বলেন, “প্রগতিশীল ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় আলী মর্তুজা ছিলেন এক নিবেদিত প্রাণ।” ২০০১ সালের ২৯ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে চবি ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলী মর্তুজা চৌধুরী নিহত হন। চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ঘটনার পরদিন নিহতের ভাই মো. আলী নাসির চৌধুরী হাটহাজারি থানায় একটি হত্যা মামলা করেন। এর মাসখানেক পর আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।” মামলাটি বর্তমানে চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে বিচারাধীন। সাবেক ছাত্র নেতা আলী মর্তুজার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চবি শাখা ছাত্রলীগ তিন দিনব্যাপী এ প্রদর্শনী আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন, চবি প্রক্টর ড. নাসিম হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/পিডি/২০০৩ ঘ.