২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান খুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 03:30 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছারকে রোববার গভীর রাতে নিজ বাড়িতে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের বাবা আহমদ হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেছেন। যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আবছার উত্তর সাতকানিয়া এলাকার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন। এ হত্যাকাণ্ডের খবর সোমবার এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এবং নিহতের ছাত্ররা এলাকায় বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। তারা বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত আড়াইটার দিকে নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মুন্সি বাড়ী এলাকায় নিজ বাড়ির সামনেই আবছারকে খুব কাছে থেকে মুখোশধারী কয়েক সন্ত্রাসী গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।” ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি। স্থানীয় সাংবাদিক মো. নাজিম উদ্দিন নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, রোববার রাতে সাতকানিয়া ঢেমশা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে খেতে বসেন আবছার। এ সময় তার চাচাত ভাই আরিফকে ১০ থেকে ১২ জন মুখোশধারী সন্ত্রাসী মারধর শুরু করে। আরিফের চিৎকার শুনে আবছার পাকা বাড়ির দোতলার বেলকনিতে উঠে বিষয়টি জানতে চাইলে সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হন। সোমবার বিকাল সাড়ে ৪টায় নিজ এলাকায় জানাজা শেষে নুরুল আবছারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/১৮২৪ ঘ.