বাগেরহাট, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের শরণখোলা রেঞ্জে রোববার বনদস্যুর সঙ্গে র্যাব ও কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বিকালে দরজার খাল এলাকায় ‘জিহাদ বাহিনীর’ সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব জানিয়েছে।
ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, আটটি এলজি, ৩৩ রাউন্ড গুলি ও বেশকিছু খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।
এ সময় উভয় পক্ষে অন্তত এক হাজার দুশ’ রাউন্ড গোলাগুলি হয়। তবে কোনো দস্যু নিহত বা আহত হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি র্যাব।
র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নূরুজ্জামান সন্ধ্যায় এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিপণের দাবিতে অপহৃত কয়েকজন জেলেকে নিয়ে জিহাদ বাহিনীর সদস্যরা দরজার খাল এলাকায় অবস্থান করছে সংবাদ পেয়ে র্যাব ও কোস্টগার্ডের একটি যৌথদল অভিযান চালায়।
তাদের উপস্থিতি টের পেয়ে জিহাদ বাহিনীর সদস্যরা গুলি করলে তারাও পাল্টা গুলি করেন।
র্যাব কর্মকর্তা আরো জানান, জিহাদ সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়ে সুন্দরবনে দস্যুতা শুরু করেছে। প্রায় এক সপ্তাহ আগে তারা পটুয়াখালীর জ্ঞানপাড়া থেকে ২৬ জন জেলেকে অপহরণ করে। মুক্তিপণ নিয়ে কয়েকজনকে ছেড়েও দেয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, সুপতি স্টেশনের চান্দেশ্বর ক্যাম্পের দরজার খাল এলাকায় রোববার বিকালে একঘণ্টারও বেশি সময় ধরে র্যাব ও কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24