২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দক্ষিণ এশিয়ায় ঘুষে বাংলাদেশ শীর্ষে’

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই ঘুষ লেনদেন সবচেয়ে বেশি বলে এক সমীক্ষা প্রতিবেদনে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই ঘুষ লেনদেন সবচেয়ে বেশি বলে এক সমীক্ষা প্রতিবেদনে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই দেশগুলোতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজনৈতিক দল ও পুলিশ বিভাগকে। ‘প্রাত্যহিক জীবন ও দুর্নীতি, দক্ষিণ এশিয়ায় সাধারণের মতামত’ শিরোনামের এ প্রতিবেদন বৃহস্পতিবার কাঠমাণ্ডু থেকে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, গত ১২ মাসে নয় ধরনের সেবার মধ্যে যে কোনো একটি গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের ৬৬ শতাংশ মানুষ ঘুষ দিয়েছে। ২০১০ ও ২০১১ সালের মধ্যে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাড়ে ৭ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরেই ভারত এবং তারপরে পাকিস্তানে বেশি ঘুষ লেনদেন হয়। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ ভারতীয় বলেছেন, তারা ওই সেবাগুলোর যে কোনো একটি নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিয়েছেন। পাকিস্তানে এ হার ৫০ শতাংশ। ঘুষ লেনদেনের হার সবচেয়ে কম মালদ্বীপে। সমীক্ষায় বলা হয়, মালদ্বীপে মাত্র ছয় শতাংশ মানুষ ঘুষ দেওয়ার কথা বলেছেন। এছাড়া জরিপে অংশ নেওয়া ৩২ শতাংশ নেপালি এবং ২৩ শতাংশ শ্রীলঙ্কান ঘুষ দিয়েছেন বলে জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এ ছয়টি দেশের কোনোটিই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকের প্রথম ভাগে নেই। বিশ্বে এ অঞ্চলের চেয়ে শুধু আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশগুলিতেই বেশি দুর্নীতি হয়। সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। ভারত ও নেপালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে মত দেওয়া হলেও পুলিশের দুর্নীতির কথাও এসেছে দ্বিতীয় অবস্থানে। আর মালদ্বীপের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে পার্লামেন্ট। সমীক্ষায় মতামত দাতাদের মধ্যে বাংলাদেশের ৭৫ শতাংশ, ভারতের ৬৪ শতাংশ, পাকিস্তানের ৬৩ শতাংশ, শ্রীলঙ্কার ৩২ শতাংশ, নেপালের ২৪ শতাংশ ও মালদ্বীপের দুই শতাংশ মানুষ গত এক বছরে পুলিশকে ঘুষ দিয়েছে বলে জানিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানে দ্বিতীয় শীর্ষ দুর্নীতির অবস্থানে রয়েছেন সরকারি কর্মকর্তারা। জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকা পুলিশ ও সরকারি কর্মকর্তারাই বেশি দুর্নীতির সঙ্গে জড়িত বলে সমীক্ষায় বলা হয়। বাংলাদেশে ঘুষ লেনদেনের ক্ষেত্রে সেবা খাতে দ্বিতীয় স্থানে বিচার বিভাগের নাম এসেছে। মতামত দাতাদের ৬৪ শতাংশ বলেছে, তারা বিচার বিভাগে কাজ করতে গিয়ে ঘুষ দিয়েছে। এরপরেই আছে নিবন্ধন ও নবায়ন (রেজিস্ট্রি ও পারমিট সার্ভিস), ৪৯ শতাংশ মানুষ এখানে ঘুষ দিয়েছে বলে জানিয়েছে। এছাড়া বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ঘুষ দেওয়ার কথা বলেছে ৪৮ শতাংশ মানুষ, কর ও রাজস্ব বিভাগে ঘুষ দেওয়ার কথা বলেছে ৪০ শতাংশ, পানি-বিদ্যুৎ ইত্যাদি সেবার ক্ষেত্রে ঘুষ দিয়েছে বলে জানিয়েছে ৩৬ শতাংশ মতামতদাতা। এছাড়া স্বাস্থ্য সেবা খাতে ১৮ শতাংশ, শিক্ষা খাতে ১৫ শতাংশ ও কাস্টমসে ১২ শতাংশ মতামতদাতা ঘুষ দেওয়ার কথা বলেছে। বাংলাদেশে সেবা গ্রহীতা হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্যই সবচেয়ে বেশি ঘুষ লেনদেনের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাজনৈতিক নেতারাই দুর্নীতি রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলঙ্কার নাগরিকরা মত দিয়েছেন। ভারতীয় ও নেপালিদের কাছে এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। আর দুর্নীতি দমনে কারো ওপরই ভরসা নেই পাকিস্তানিদের। তাদের মতে, কেউই দুর্নীতি রোধে কার্যকর ভূমিকা রাখবে না। বাংলাদেশের ৬১ শতাংশ ও শ্রীলঙ্কার ৫২ শতাংশ মতামত দাতা মনে করেন, দুর্নীতি রোধে সরকারকেই কার্যকর ভূমিকা নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১৪৫ ঘ.