২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ধর্ষণের পর হত্যা: ৬ জনের যাবজ্জীবন

এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে শ্যালক ও ভগ্নিপতিসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

সিলেট, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে শ্যালক ও ভগ্নিপতিসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দণ্ডিত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে। বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ রায় দেন। দণ্ডিতরা হলেন- ফটু মিয়া (৩২), আনু মিয়া (২৬), শিপন (২৮), আহাদ (২৪), শাহ আলম (৩৫) ও তার শ্যালক রিপন মিয়া (২৬)। এদের সবার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। এদের মধ্যে আনু মিয়া, শিপন ও আহাদ পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফালেঙ্গা গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়েকে রিপন কৌশলে সদর মোস্তফাপুর ইউনিয়নের ইকো পার্কে নিয়ে সঙ্গীসহ ধর্ষণ করে। পরে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে। পরদিন কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ রিপনের ভগ্নিপতি শাহ আলমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৮ ঘ.