ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থলবন্দরে পণ্য ওঠা-নামায় ডাম্পিং সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ত্রিপুরার ব্যবসায়ীরা আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে টানা পাঁচ দিন ধরে।
গত শনিবার দুপুর থেকে এ ধর্মঘট শুরু হয়।
টানা পাঁচ দিন ধরে বন্ধ থাকায় বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে আটকে আছে প্রায় দু’শ পণ্য বোঝাই ট্রাক।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাথর ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ডাম্পিং স্পটে (পণ্য খালাসের স্থান) পণ্য না রেখে বাংলাদেশি ট্রাক থেকে সরাসরি ভারতীয় ট্রাকে পণ্য খালাস করার নির্দেশ জারি করে ত্রিপুরা শুল্ক বিভাগ”।
“এ সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ত্রিপুরার ব্যবসায়ীরা”।
ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার অ্যাসোসিয়েশন জানায়, ত্রিপুরা ক্ষুদ্র শিল্প কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে বন্দর এলাকার জমি ইজারা নেওয়ার সময় সেখানে পণ্য ওঠা-নামার জন্য জায়গা (ডাম্পিং এলাকা) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল দুই বছরের জন্য। সেই সময় পার হওয়ার আগেই ডাম্পিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৫৭ ঘ.
bdnews24