সিলেট, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি দিবস-২০১১ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিলেট সেক্টর সদরদপ্তরের মাঠে খেতাবপ্রাপ্ত এই ১০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ৮ নম্বর সেক্টরের যোদ্ধা অবসরপ্রাপ্ত নায়েক আব্দুল মালেক বীরপ্রতীক, ৩ নম্বর সেক্টরের অবসরপ্রাপ্ত সুবেদার আবুল মতিন, ৪ নম্বর সেক্টরের অবসরপ্রাপ্ত মেজর মো. আব্দুল হকসহ কয়েকজন স্মৃতিচারণ করেন।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. খায়রুজ্জামান ও সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সামসুদ্দোহা প্রমুখ বক্তব্য দেন।
মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, দেশের জন্য, স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন যারা সিলেট শহরে বসবাসকারী ওই মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ও পানির বিল মওকুফ করা হয়েছে।
তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৩২ ঘ.
bdnews24