২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনে এসে ব্যাগ খোয়ালেন জাপানি অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে যোগ দিতে এসে ব্যাগ হারিয়েছেন এক জাপানি অধ্যাপক, ওই ব্যাগে তার প্রচুর অর্থ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে যোগ দিতে এসে ব্যাগ হারিয়েছেন এক জাপানি অধ্যাপক, ওই ব্যাগে তার প্রচুর অর্থ ছিলো। ব্যাগ হারানো মাসাহিকো তোয়াগা জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে বলে তার দোভাষী জয়নাল আবেদিন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় ব্যাগ হারানোর ঘটনাটি ঘটে। জাপানি এই অধ্যাপক বঙ্গবিদ্যা সম্মেলনের দ্বিতীয় দিনে টিএসসিতে সেমিনারে অংশ নেন। “ব্যাগ পাশে রেখে তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন, পরে আর পাননি,” বলেন জয়নাল। তিনি জানান, ব্যাগে দুই হাজার ডলার, এক লাখ ইয়েন, ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, পাসপোর্ট ও মডেমসহ মূল্যবান কাগজপত্র ছিলো। এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানহানিকর মন্তব্য করে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপানি ওই অধ্যাপকের ভিসাসহ যাবতীয় কাজ সম্পন্নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে। “বিশ্ববিদ্যালয়ে বিদেশি কোনো অতিথি এলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা থাকে। তবুও কিছু সুযোগ সন্ধানী লোক থাকে, যারা এ ধরনের ঘটনা ঘটায়,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪০ ঘ.