ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাখারীবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
দুদিন ধরে রাজধানীতে বোমাবাজির মধ্যেই সোমবার তার উদ্ধার হলো।
বিকালে শাখারীবাজারের বিভিন্ন দোকান, বাসা ও গুদামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. শামসুদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, আতশবাজি ও পটকার সরঞ্জাম দিয়ে ককটেল, বোমাজাতীয় জিনিস বানিয়ে ছিনতাই ও আইনশৃঙ্খলাবিরোধী নানাকাজে ব্যবহার করা হচ্ছে। এ কারণে সোমবার অভিযান চালিয়ে এসব জিনিস জব্দ করা হয়েছে।”
কী পরিমাণ সরঞ্জাম আটক করা হয়েছে- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা শামসুদ্দিন বলেন, “এগুলো আঁটাতে ছোট দুটি ট্রাক লাগতে পারে।”
অভিযানের সময় কালা চান নন্দী (৫০) দিপু নন্দী (৩৫) এবং স্বর্ণ দত্ত (৪০) নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
এসব বিস্ফোরক দ্রব্য অবৈধ কাজে ব্যবহারের জন্য সরবরাহ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমআই/২১৩৪ ঘ.
bdnews24