ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপনের জন্য গির্জায় ২০৩ টন চাল বরাদ্দ করেছে সরকার।
রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালনে সহায়তা হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ করা এ চাল প্রতিটি গির্জায় এক টন করে বিতরণ করা হবে। এর মধ্যে খুলনায় ১৪৪ টন, গাজীপুরে ৩৯ টন, নড়াইলে ১৩ টন ও মাদারীপুর জেলায় সাত টন চাল বরাদ্দ করা হয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন।
বরাদ্দ হওয়া চাল জেলা প্রশাসকদের অনুকূলে উপ-বরাদ্দ দিতে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা উপজেলা পর্যায়ে গির্জার সংখ্যা, আকার এবং আর্থিক সামর্থ বিবেচনা করে এ চাল বণ্টন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/আরএ/১৭৩১ ঘ.
bdnews24