চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্যাম্পেইন দল ‘যেতে হবে ৩০০০ মাইল’ এখন চট্টগ্রামে।
শনিবার সন্ধ্যায় দলটি নগরীর পাবলিক লাইব্রেরি মিলনায়তন চত্বরে প্রচারণা চালিয়েছে।
এ সময় জলবায়ু পরিবর্তন এবং ক্ষতির প্রভাব সম্বলিত পাঁচটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এর পাশাপাশি এ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এবং তাদের অভিমত জানতে চাওয়া হয়।
এ সময় ‘ওয়াইল্ড আই’ নামের সংগঠনের পরিচালক তানজিলুর রহমান বক্তব্য দেন এবং উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
রোববার এ দলটি কক্সবাজারে প্রচারণা চালাবে।
ব্রিটিশ কাউন্সিল ও ওয়াইল্ড আই বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক এবং এর প্রভাব নিয়ে গত ২৭ অক্টোবর পঞ্চগড় থেকে তাদের প্রচারণা শুরু করে।
এ পর্যন্ত ৪২টি জেলায় এ প্রচারণা চালিয়েছে।
এ কার্যক্রমে পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ এবং প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সময় টেলিভিশন ও বেঙ্গল সোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24