শাবি, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌকাভ্রমণে গিয়ে ডাকাতের হাতে শুক্রবার সন্ধ্যায় অপহৃত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের লাশ শনিবার সকালে একটি খালে পাওয়া গেছে। প্রতিবাদে দিনভর সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
নিহত দুই ছাত্র হলেন- দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর। তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিনভর সড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীরা এ কর্মসূচি রোববার সকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।
দুই ছাত্রের মৃত্যুতে ক্যাম্পাসে তিনদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিহতদের স্মরণে রোববার বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি ও সভার আয়োজন করা হয়েছে। এদিন কোনো ক্লাস-পরীক্ষা হবে না।
অনিক ও খায়রুলসহ আট শিক্ষার্থী শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাদাঘাট এলাকায় নৌকায় করে ঘুরতে যান। এদের মধ্যে তিন জন ছিলেন মেয়ে শিক্ষার্থী। ভ্রমণ শুরুর কিছুক্ষণ পর তারা ডাকাতের কবলে পড়েন। ছয় জন পালিয়ে আসতে পারলেও ওই দুজনকে ডাকাতরা ধরে নিয়ে যায়।
শনিবার সকালে বাদাঘাটের চ্যাঙ্গের খাল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের উপার্চার্য সালেহ উদ্দিন।
ঢাকার বাসাবোর দীপেন ঘোষের ছেলে অনিক সিলেট নগরীর পাঠানটুলায় থাকতেন। ঢাকার নবাবগঞ্জের ছেলে খায়রুল নগরীর জালালি অ্যাপার্টমেন্টের নিচতলায় ১/সি নম্বর কক্ষে থাকতেন।
তিন সদস্যের কমিটি
ছাত্রহত্যার ঘটনা সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবালকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান শ্যামল ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়ন চক্রবর্তী।
কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দিনভর সড়ক অবরোধ
শনিবার সকালে লাশ উদ্ধারের খবরে বিক্ষুব্ধ ছাত্ররা ডাকাত দলের সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে প্রক্টরের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে ব্যাপক ভাংচুর করে।
শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে খুনীদের শাস্তির দাবি জানাতে থাকে। এ সময় প্রায় ১৫ জন পথচারী ও একটি বাসের ওপর হামলা হয়।
দুপুরে উপাচার্য সালেহ উদ্দিন, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান ও স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন।
প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীদের একাংশ বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেয়। তবে শিক্ষার্থীদের আরেকটি অংশ অবরোধ অব্যাহত রাখে। দুপুর ৩টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় আরো অনেক ছাত্র।
সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা পরদিন সকাল পর্যন্ত অবরোধ স্থগিত করে ক্যাম্পাসে ফিরে আসে।
‘তিন সন্দেহভজানকে ধরতে বিশেষ টিম’
লাশ উদ্ধারের পর বাদাঘাট এলাকায় অভিযান চালিয়ে তারেক ও গুলজার নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জালালাবাদ থানার ওসি সেলিম হোসেন বলেন, “গ্রেপ্তর দুজনের মধ্যে একজন নৌকার মালিক, অন্যজন মাঝি। তাদের নৌকায় চড়েই বেড়াতে গিয়েছিল শিক্ষার্থীরা।”
“ঘটনার সঙ্গে জড়িত তিন সন্দেহভাজনকে ধরতে পুলিশ, র্যাব ও গোয়েন্দাদের একটি বিশেষ টিম কাজ করছে।”
‘চালক ধীরে ধীরে নৌকা চালান’
ডাকাতের কবল থেকে পালিয়ে আসা শিক্ষার্থী জোসেফ বলেন,“নৌকাটি কিছু দূর যেতে না যেতেই চালক শওকত ইঞ্জিনে সমস্যা আছে বলে ধীরে ধীরে নৌকা চালানো শুরু করেন। তখন আট থেকে ১০ জন ডাকাতের একটি দল অন্য একটি নৌকায় করে এসে আমাদের ওপর চড়াও হয় এবং মোবাইল ফোনসহ টাকা পয়সা কেড়ে নেয়।”
“ডাকাতরা মেয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন শুরু করলে সঙ্গে থাকা ছেলে শিক্ষার্থীরা তাতে বাধা দেয়। একপর্যায়ে ডাকাতরা ছেলেদের বেধড়ক পেটানো শুরু করে।”
ডাকাতদের কবল থেকে ছয় শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হলেও অনিক ও খায়রুলকে ডাকাতরা নিয়ে যায় বলে জানান জোসেফ।
‘আমি ছেলের হত্যাকারী হয়ে গেলাম’
ছেলে হত্যার বিচারের দাবি জানিয়ে অনিকের বাবা দীপেন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে আমার একমাত্র ছেলে। ১৩ জানুয়ারি ফাইনাল পরীক্ষা শেষে অনিকের বাড়ি যাওয়ার কথা ছিলো। কিন্তু আজ আমি তার লাশ নিয়ে বাড়ি যাচ্ছি।
“তাকে সিলেটে ভর্তি করিয়ে আমি তার হত্যাকারী হয়ে গেলাম।”
অনিকের ফুপাতো ভাই রাজীব ঘোষ বলেন, “[শনিবার] রাতেই এ বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২১২৪ ঘ.
bdnews24