২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের সকালে সংঘর্ষ, খালেদাকে আটকে রাখার অভিযোগ

বিজয় দিবসের সকালে ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় স্মৃতিসৌধের সামনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গাড়িবহরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 05:43 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসের সকালে ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় স্মৃতিসৌধের সামনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গাড়িবহরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “বিরোধী দলীয় নেতা প্রতিবারের মতো এবারও বীর শহীদদের স্মৃতির প্রতি সন্মান জানাতে ভোরে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন। কিন্তু সাভার সেনানিবাসের আগেই তার গাড়িবহরকে পুলিশ অনেকক্ষণ আটকে রাখে।” “বিরোধী দলীয় নেতার সঙ্গে এহেন আচরণের নিন্দা জানাই আমরা”, যোগ করেন ফখরুল। তিনি আরও অভিযোগ করেন, সরকার জাতীয় স্মৃতিসৌধের ব্যবস্থাপনায় ‘চরম ব্যর্থতার’ পরিচয় দিয়েছে। বিএনপি নেতা-কর্মীদের ওপর ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ চড়াও হয়েছে, হামলা করেছে। স্থানীয়রা জানান, আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় বিএনপির টাঙানো বিজয় দিবসের ফেস্টুন ছিঁড়ে ফেলা নিয়ে সকালে ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া- পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। প্রায় ১৫ মিনিট পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকারের অব্যবস্থাপনার কারণে বিরোধী দলীয় নেতা যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি। এটা দুঃখজনক।” সকাল সোয়া ৭টার পর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন খালেদা জিয়া। শহীদদের স্মৃতির প্রতি সন্মান জানাতে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এ সময় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ছিলেন। এরপর সকাল সাড়ে ৮টায় খালেদা জিয়া শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেন। পরে জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। খালেদা জিয়ার পর বিএনপির সহযোগী সংগঠনগুলো আলাদাভাবে জিয়ার কবরে ফুল দেয়। মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তিতে জিয়াউর রহমানসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “আমরা আজ মহান বিজয় দিবস পালন করছি। আজকে আমাদের শপথ হবে- মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র যেন দেশে প্রতিষ্ঠা লাভ করে। অবরুদ্ধ দশা থেকে এই গণতন্ত্র যেন মুক্তি পায়।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান,সহসভাপতি কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক, অধ্যাপক আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১০৫ ঘ.