নোয়াখালী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি বিজয় দিবসের অনুষ্ঠান করতে চাওয়ায় নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সীরহাটে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সির হাট বাজার ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, জমায়েত ও মিছিল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে উভয় পক্ষকেই অনুরোধ করেছিলাম, কিন্তু তারা কেউই তা মানতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ১৪৪ ধারা জারি করতে হয়েছে।”
ছমিরমুন্সিরহাটে কাবিলপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি এবং পাশেই একটি বিপণি বিতানের সামনে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ শুক্রবার দিনভর বিজয় দিবসের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলো।
এনিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দু’দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। এরপর বিকালে ১৪৪ ধারা জারির ঘোষণা আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৫০ ঘ.
bdnews24