২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহৃত’ বিএনপি নেতার লাশ উদ্ধার, যশোরে শনিবার হরতাল

যশোরের এক বিএনপি নেতা ‘অপহৃত’ হওয়ার পর তার লাশ পাওয়া গেছে গাজীপুরে। এর প্রতিবাদে শনিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

যশোর/গাজীপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বিএনপি নেতা নাজমুল ইসলাম ঢাকা থেকে ‘অপহৃত’ হওয়ার পর তার লাশ পাওয়া গেছে গাজীপুরে। এর প্রতিবাদে শনিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। ৪৫ বছর বয়সী নাজমুল ঝিকরগাছা থানা বিএনপি সভাপতি এবং যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ বলছে, চোখে মলম দিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। বুধবার রাতে ঢাকার মিরপুরে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠান শেষে ধানমন্ডিতে নিজের বাসায় ফেরার সময় নিখোঁজ হন নাজমুল। বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে অপহরণ করা হয়েছে- এমন অভিযোগে বুধবার রাতেই ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যশোরের আরেক বিএনপি নেতা। এদিকে প্রধান বিরোধী দল বিএনপি নাজমুলের নিহত হওয়ার ঘটনাকে ‘গুপ্তহত্যা’ উল্লেখ করে এর জন্য সরকারকে দায়ী করেছে। আগামী শনিবার যশোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। লাশ উদ্ধার বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনায় ইউটা পোশাক কারখানার সামনে গলায় গামছা পেঁচানো একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে যোগাযোগ করে জানা যায়, নিহতের নাম নাজমল ইসলাম। পুলিশের কাছ থেকে খবর পেয়ে নিহতের স্ত্রীর বড় ভাই মেহেদী হাসান গাজীপুর সদর হাসপাতাল মর্গে গিয়ে নাজমুলকে সনাক্ত করেন। মেহেদী জানান, যশোরে রাজনীতি করলেও ব্যবসা সূত্রে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন নাজমুল। বুধবার রাতে পরিবারের সবাইকে নিয়ে মিরপুরে চাচাতো ভাই কল্লোলের শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে যান তিনি। অনুষ্ঠান শেষে রাত ১১টার পর একটি গাড়িতে স্ত্রী-সন্তানদের বাসায় পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ পর আরেকটি গাড়িতে নিজেও বাসার উদ্দেশ্যে রওনা হন নাজমুল। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এর পরপরই তিনি নিখোঁজ হন। মেহেদী বলেন, সর্বশেষ রাত পৌনে ১২টার দিকে যশোরের আরেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টি এএইচ আইয়ুবের সঙ্গে টেলিফোনে কথা হয় নাজমুলের। তিনি জানান, তাকে অপহরণ করা হচ্ছে। এ ঘটনায় রাতেই মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আইয়ুব। ‘ চোখে মলম, গলায় গামছা’ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “নাজমুলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। তার দুই চোখে হলুদ রংয়ের মলম মাখানো ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সালনা এলাকায় লাশ ফেলে যায়।” নিহতের চাচাতো ভাই কল্লোল সাংবাদিকদের জানান, নাজমুল আমদানি-রপ্তানির ব্যবসায় জড়িত ছিলেন। বেনাপোলে রিয়েল এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্সি আছে তার। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ধানমন্ডির ১২ নম্বর সড়কে একটি বাড়িতে থাকতেন তারা। যশোরে শনিবার হরতাল নাজমুল নিহত হওয়ার খবর যশোরে পৌঁছানোর পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি, ছাত্রদল ও যুবদল কর্মীরা ঝিকরগাছায় বিক্ষোভ-মিছিল বের করে। দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নাজমুলকে অপহরণের কথা রাতেই র‌্যাব ও পুলিশকে জানানো হলেও তারা তা আমলে নেয়নি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সাবেরুল হক বলেন, শনিবার হরতাল ছাড়াও তিন দিন বিক্ষোভ কর্মসূচি পালন করবে জেলা বিএনপি। এছাড়া বিজয় দিবসে জেলা বিএনপির সব কর্মসূচিও স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৩৫ ঘ.