ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসামান্য মনীষায় জীবনভর যুক্তি আর জ্ঞানের আলো ছড়িয়ে চলে গেলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। এই শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কৃতি অনুবাদকের বয়স হয়েছিল ৮৮ বছর।
মঙ্গলবার ভোরে কোনো এক সময় নয়াপল্টনে নিজের বাসায় ঘুমের মধ্যেই মারা যান কবীর চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সন্ধ্যা ৬টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মেয়ে শাহীন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাও ছিল তার সঙ্গে। ঘুমের মধ্যেই সব শেষ।”
ভোর ৬টার দিকে বাবাকে ওষুধ খাওয়াতে গিয়ে শাহীন দেখেন, তিনি আর নেই।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, কবীর চৌধুরীর স্থান পূরণ হওয়ার নয়। প্রধানমন্ত্রী সকালে তার বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও।
সারা জীবন মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দিয়ে যাওয়া কবীর চৌধুরী মৃত্যুর আগেই এক চিঠিতে তার শেষকৃত্যের বিষয়ে নির্দেশনা দিয়ে যান। তার শেষ ইচ্ছা ছিল, তার মরদেহ যেন সবার শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নেওয়া না হয়। জানাজা ও দাফন যেন হয় খুব সাধারণভাবে, সাধারণ কবরস্থানে, সাধারণ মানুষের মতো।
১৯২৩ সালের ৯ ফেব্র“য়ারি ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন কবীর চৌধুরী। তবে তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলে। বাবা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী এবং মা আফিয়া বেগম তাদের বড় ছেলের নাম রাখেন আবুল কালাম মোহাম্মদ কবীর। তবে কর্মজীবনে তিনি অধ্যাপক কবীর চৌধুরী হিসেবেই পরিচিত হন।
উদার ও মুক্তচিন্তার এই পারিবারেই জন্ম নিয়েছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের মতো কৃতি বাঙালীরা।
কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে øাতক ডিগ্রি পান ১৯৪৪ সালে। ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি হানাদর বাহিনী তার ছোটভাই মুনীরকে হত্যা করে।
দেশ স্বাধীন হওয়ার পরপরই কবীর চৌধুরীকে শিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ছাড়াও বাংলা একাডেমীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৮ সালে কবীর চৌধুরীকে জাতীয় অধ্যাপক মনোনীত করে সরকার। সর্বশেষ ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সুপারিশ করেন উদার ও অসা¤প্রদায়িক শিক্ষাব্যবস্থা চালুর।
মুক্তিযুদ্ধে ভাই হারানো এই প্রগতিশীল মানুষটি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও সোচ্চার ছিলেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সকালে কবীর চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা নয়া পল্টনে তার বাসায় ছুটে যান। শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী এ সময় সাংবাদিকদের বলেন, “অজস্র সাহিত্যকর্ম দিয়ে তিনি জাতিকে সমৃদ্ধ করেছেন। যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের আন্দোলনে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, সংগ্রাম করেছেন। দেশের মানুষ চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি তার সাহিত্য এবং মানুষের মনে চিরদিন বেঁচে থাকবেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যোগাযোগসমন্ত্রী ওবায়েদুল কাদের, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মাহবুবুল আলম হানিফ, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সকালেই কবীর চৌধুরীর বাসায় আসেন তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে।
অধ্যাপক কবীর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বার্তায় বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে প্রথিতযশা এই শিক্ষক তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন শিক্ষা ব্যবস্থার দিক নিদের্শক। বাংলা সাহিত্যের উন্নয়নেও তার অবদান অবিস্মরণীয়।
আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক কবীর চৌধুরীর জানাজা হয়। জানাজা শেষে তাকে গার্ড অব অনার দিয়ে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডেপুটি স্পিকার শওকত আলী, শিক্ষামন্ত্রীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার কফিন নিয়ে যাওয়া হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সন্ধ্যা ৬টায় চির নিদ্রায় শায়িত হন কবীর চৌধুরী।
যুক্তি আর মানবতার পক্ষে জীবনভর লড়াই চালিয়ে যাওয়া এই শিক্ষক কলম ছাড়েননি জীবনের শেষ দিনগুলোতেও। ২০০৯ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “লেখার জন্য আরো সময় পেলে ভালো হতো। ভালো হতো, যদি দিনটা ২৪ ঘণ্টার চেয়ে আরেকটু বড় হতো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/এসআই/জেকে/১৮২০ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স চিরনিদ্রায় শায়িত কবীর চৌধুরী
ক্স‘জাতিকে তিনি দিয়ে গেছেন দিক নির্দেশনা’
ক্সকবীর চৌধুরীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
ক্সকবীর চৌধুরী: ১৯২৩-২০১১
bdnews24