২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেষ ইচ্ছেগুলো’

খুব সাধারণভাবে ও নিভৃতে এই পৃথিবীর বিদায়পর্ব শেষ করার ইচ্ছা প্রকাশ করে সুনির্দিষ্ট নির্দেশনাসহ একটি চিঠি লিখে রেখে গেছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুব সাধারণভাবে, নিভৃতে এবং দ্রুত এই পৃথিবীর বিদায়পর্ব শেষ করার ইচ্ছা প্রকাশ করে গেছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। মৃত্যুর আগে এক চিঠিতে তিনি এ ব্যাপারে নির্দেশনাও দিয়ে গেছেন। দীর্ঘদিন হৃদরোগে ভোগার পর মঙ্গলবার ভোরে নিজের বাসায় ঘুমের ভেতরেই মৃত্যু হয় শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবীর চৌধুরীর। তার মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা নয়া পল্টনে তার বাসায় ছুটে যান তাকে শেষবারের মতো দেখতে। তার মেয়ে শাহীন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জানাজা ও দাফনের ব্যাপারে নিজের ইচ্ছেগুলো জানিয়ে একটি চিঠি লিখে গেছেন অধ্যাপক কবীর। তিনি চেয়েছেন, সবার শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ যেন শহীদ মিনারে নেওয়া না হয়। ‘শেষ ইচ্ছেগুলো’ শিরোনামে ইংরেজিতে লেখা এই চিঠিতে চারটি পয়েন্টে নির্দেশনাগুলো লিখেছেন ইংরেজি সাহিত্যের এই শিক্ষক। বলে গেছেন তার এই ইচ্ছার পেছনের কারণও। খুব দ্রুত কবরে শোয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি লিখেছেন, “আমি চাই আমাকে খুব দ্রুত কবর দেওয়া হোক, অবশ্যই মারা যাওয়ার সাত থেকে আট ঘণ্টার মধ্যে।” তবে আত্মীয়-স্বজন ও বন্ধুদের টেলিফোন করে মুত্যুর খবর জানাতে বলেছেন তিনি। এই শিক্ষাবিদ চেয়েছেন, তার জানাজা হবে সবচেয়ে কাছের মসজিদে এবং অবশ্যই একবারের বেশি না। তার কবরের ওপর যাতে ভবিষ্যতে অন্যদেরও কবর দেওয়া যায়- সেজন্য আজিমপুর বা বনানি কররস্থানের মতো সাধারণ গোরস্থানে সমাহিত হতে চেয়েছেন কবীর চৌধুরী। তিনি বলে গেছেন, মৃত্যুর পর যেন তার জন্য কোনো মিলাদ, কুলখানি বা চল্লিশার আয়োজন করা না হয়। একান্তই প্রয়োজন হলে নাগরিক শোকসভা বা স্মরণসভার আয়োজন করা যেতে পারে, তবে এগুলোও এড়ানোর অনুরোধ করে গেছেন তিনি। ২০০৬ সালের ২৩ আগস্ট লেখা এই চিঠির শেষ অংশে তিনি বলেছেন- কেন তার এই চাওয়া। “হয়তো লোকদেখানো অনুষ্ঠান এবং শবযাত্রার অনুষ্ঠানিকতা নিয়ে আমার হৃদয় বিতৃষ্ণায় ভরে উঠছে। আমি মাঝে মাঝে ভেবেছি, তলস্তয়ের মতো গাঁয়ের কোনো রেল লাইনের ধারে না হোক, ঢাকার প্রান্তে কোনো লেকের পাশে যদি আমার মৃত্যু হতো!” বিশ্বখ্যাত সাহিত্যিক লিও তলস্তয়ের মতো মৃত্যু হবে না জেনেই কবীর চৌধুরী শেষ চিঠিতে লিখে গেছেন, “আমার শেষ ইচ্ছাগুলো আমি মনেপ্রাণে অনুভব করি। আমি আশা করছি, এগুলোর প্রতি সম্মান জানানো হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/জেকে/১৫১৬ ঘ.