২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্ত ‘বাস্তবসম্মত’

বিদায়ী মুহূর্তে বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না করার পক্ষে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত ‘বাস্তবসম্মত ও স্বাধীন’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী মুহূর্তে বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না করার পক্ষে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত ‘বাস্তবসম্মত ও স্বাধীন’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনের (ইসি) সম্মতি ছাড়া নির্বাচনের ‘সময়সীমা’ নির্ধারণ করে আইন সংশোধন করার সমালোচনাও করেছেন তারা। তাদের মতে, সরকার ও ইসির মধ্যে বোঝাপড়া থাকা উচিত। মেয়াদের শেষ সময়ে চলে আসায় বর্তমান নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে না বলে সোমবার জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সময় স্বল্পতাসহ অন্তত তিনটি কারণে নির্বাচন অনুষ্ঠানে অনাগ্রহের কথা জানিয়ে মঙ্গলবারই সরকারকে চিঠি দেওয়া হবে বলেও উল্লেখ করেন সিইসি। নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, প্রথম ৯০ দিনে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে নির্বাচন হবে। সরকার ও ইসির নির্বাচনকেন্দ্রিক বিপরীত বক্তব্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরুর সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তাদের মতে, নির্বাচন না করা বিষয়ে বর্তমান ইসির নেওয়া সিদ্ধান্ত বাস্তবসম্মত ও স্বাধীন। তবে মতিন খসরু মনে করেন নির্বাচন হবে না- এমন বলার সময় এখনো আসেনি। ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করতে সংসদে পাস হওয়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০১১ অনুযায়ী আগামী ২৮ ফেব্র“য়ারির মধ্যে দুই ভাগে নির্বাচন সম্পন্ন করতে হবে। প্রধান বিরোধী দলের প্রবল বিরোধিতার মধ্যে গত ২৯ নভেম্বর সংসদে পাস হওয়া বিলটিতে ‘পরবর্তী ৯০ দিনের’ কথা উল্লেখ নেই। জোর করে চাপানো যাবে না: আকবর আলি নির্বাচন বিষয়ে সিইসি শামসুল হুদার বক্তব্য প্রসঙ্গে আকবর আলি বলেন, বিভক্ত ডিসিসিতে ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও তাতে প্রশাসনিক ও আইনগত বিষয়টি দেখতে হবে। “জোর করে কোনো কিছু চাপানো যাবে না ইসিকে। তারা যা সঠিক মনে করে তা-ই হওয়া বাঞ্ছনীয়। ইসি যেভাবে প্রয়োজন মনে করে সেভাবে নির্বাচন হতে হবে,” বলেন সাবেক এ মন্ত্রিপরিষদ সচিব। ৯০ দিনের বাধ্যবাধকতা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের অনেক বিষয়ে আইন প্রতিফলিত হচ্ছে না। সংবিধানে নির্বাচিত জেলা পরিষদ থাকার কথা বলা হলেও ৪০ বছরে তা হয়নি।” কমিশনের মত নেওয়া উচিত ছিল: তোফায়েল সংসদে পাস হওয়া বিলে বিভক্ত সিটি কর্পোরেশনের নির্বাচনের সময়সীমা নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশনের মত নেওয়া উচিত ছিল বলে মনে করেন অধ্যাপক তোফায়েল আহমেদ। তিনি বলেন, “বর্তমান ইসি বাস্তবতার ভিত্তিতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। এটা স্বাধীন ইসির সিদ্ধান্ত।” “সরকার ইসির উপর নির্বাচন চাপিয়ে দিয়ে যাবে তা তো হয় না” মন্তব্য করে বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের এ সদস্য বলেন, “৯০ দিনের বাধ্যবাধকতা রেখে অকস্মাৎ আইন করেছে সরকার। আইনটি করার সময় মত নিলে এ সংকট থাকতো না।” ওই বিলে যে নির্বাচন কমিশনের মত নেওয়া হয়নি তা সাংবাদিকদের সোমবার বলেন সিইসি শামসুল হুদা। সরকার ও ইসির ‘বোঝাপড়ার’ মাধ্যমে নির্বাচনের সময়সীমা নির্ধারণের বিষয়টি সমাধানের ব্যাপারে আশাবাদী হাওয়ার পাশাপাশি নির্বাচন বিলম্বিত হতে পারে বলেও মনে করেন তোফায়েল। তিনি বলেন, “বর্তমান ইসি যেমন বলছে ৯০ দিনে নির্বাচন সম্ভব হচ্ছে না, তেমনি পরবর্তী ইসিও এসে বলতে পারে অভিজ্ঞতা না থাকায় নির্বাচন করতে পারছে না তারা। এতে নির্বাচন বিলম্বিত হতে পারে”। আগামী ৪ ফেব্র“য়ারি সিইসি এটিএম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং ১৩ ফেব্র“য়ারি নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে। হবে না বলার সময় আসেনি: মতিন খসরু বর্তমান ইসি বাস্তব সমস্যার ভিত্তিতে নির্বাচনে অনাগ্রহের কথা বলেছেন বলে মত সাবেক আইনমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর। “তবে এখনো ৯০ দিনে নির্বাচন হবে না- এমন কথা বলার সময় আসেনি,” যোগ করেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসসদীয় স্থায়ী কমিটির সদস্য মতিন খসরু বলেন, “ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বর্তমান ইসি বিদায়ী। নতুন ইসি আসবে। তাদের মাধ্যমে এ ধারাবাহিকতা বজায় থাকবে। “গ্রহণযোগ্য ব্যক্তি তো ইসিতে আসবেন। সেক্ষেত্রে আইন অনুযায়ী নির্বাচনের কোনো বাধা থাকবে না।” সোমবার কমিশনে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “বিদায়ী কমিশন ও নতুন কমিশন মিলে একটি নির্বাচন করার নজির আমাদের কাছে নেই। এতে অনেক জটিলতা সৃষ্টি হবে। এ কারণে এভাবে এ নির্বাচন আমরা করবো না।” না পারলে আইনের ব্যত্যয় ঘটবে না: শাহদীন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক শুধু সময়সীমা রক্ষার জন্য নির্বাচনের পক্ষে নন। তিনি বলেন, “৯০ দিনে নির্বাচন করতে গিয়ে অগ্রহণযোগ্য নির্বাচন করার কোনো মানে নেই। আইনের মূল দর্শনই হলো- সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন।” “৯০ দিনে নির্বাচন করতে না পারলে আইনের ব্যত্যয় ঘটবে না” মন্তব্য করে তিনি বলেন, “সেক্ষেত্রে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সবার সঙ্গে আলোচনা করে যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে।” “অসুষ্ঠু নির্বাচনের চেয়ে গ্রহণযোগ্য নির্বাচনই শ্রেয়। এক্ষেত্রে সময়সীমা বাধা হতে পারে না,” যোগ করেন আইনজীবী শাহদীন। সংসদে বিল পাসের পরপর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইতোমধ্যে বলেছিলেন, ৯০ দিনে নির্বাচন করা সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে নির্বাচন করা যাবে। অবশ্য গত বুধবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই। এজন্যে আইন প্রণয়নসহ প্রয়োজনীয় সব পরিকল্পনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৫১ ঘ.