ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর এলাকায় যান চলাচল পরিহারের জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি-সংগঠন ওই দিন শ্রদ্ধা জানাতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন।
এ কারণে মিরপুর মাজার রোড এবং মাজার রোড ক্রসিং হতে মিরপুর-১ নম্বর ক্রসিং পর্যন্ত ওই সময় বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা, রিকশা ভ্যান না চালাতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
যেসব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়ি বাঁধ হয়ে মিরপুরের দিকে আসবে সেগুলোকে বিকল্প সড়ক হিসেবে নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে সেগুলোকে টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়া যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর হতে গাবতলীর দিকে যাওয়ার কথা সেগুলোকে মিরপুর-১ নম্বর হয়ে টেকনিক্যাল মোড় দিয়ে গাবতলী যেতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২৫ ঘ.
bdnews24