চাঁদপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে একটি জুয়েলারি দোকান থেকে ডাকাতি করা স্বর্ণ ও রূপা ঝালকাঠি থেকে উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
এরা হলেন ঝালকাঠির রাজাপুরের মিজানুর রহমান (৩৮), কীর্তিপাশার মন্টু কর্মকার (৪৫) ও চারপাশার রমেন্দ্র চন্দ্র ঘরতি (৩৫)।
পুলিশ জানিয়েছে, শনিবার ও রোববার রাতে ঢাকার সাভার, বরিশাল ও ঝালকাঠি থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার রাতে ঝালকাঠির চারপাশার একটি বাসা থেকে ২৫ ভরি স্বর্ণ ও ৫২ ভরি রূপা উদ্ধার করা হয়।
গত ২১ অক্টোবর রাতে চাঁদপুর শহরের পূরবী মার্কেটের ‘একান্ত আপন জুয়েলার্স’ থেকে ডাকাতরা ৯৬ ভরি স্বর্ণ ও ৩৬০ ভরি রূপা লুট করে।
চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আহসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার সাভার এলাকা থেকে আটক মিজানুর রহমানের দেওয়া তথ্যানুযায়ী বরিশাল থেকে রমেন্দ্রকে এবং ঝালকাঠি থেকে মন্টু কর্মকারকে আটক করা হয়।
পরে মন্টু কর্মকারের বাড়ির আলমারি থেকে ২৫ ভরি স্বর্ণ ও ৫২ ভরি রূপা উদ্ধার করা হয়।
আটক তিনজনই চাঁদপুরে স্বর্ণের দোকানে ডাকাতির কথা স্বীকার করেছেন, বলেন পুলিশ কর্মকর্তা।
একান্ত আপন জুয়েলার্স’র মালিক মাহবুব আলম খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১১৩ ঘ.
bdnews24