২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় পুরস্কার পেল ‘ক্ষুদ্র ঋণের ফাঁদে’

ডেনিশ অনুসন্ধানী সাংবাদিক টম হাইনম্যানকে তার ক্ষুদ্র ঋণ ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ক্ষুদ্র ঋণের ফাঁদে’র জন্য পুরস্কৃত করেছে ইউরোপীয় কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেনিশ অনুসন্ধানী সাংবাদিক টম হাইনম্যানকে তার ক্ষুদ্র ঋণ ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ক্ষুদ্র ঋণের ফাঁদে’র জন্য পুরস্কৃত করেছে ইউরোপীয় কমিশন। কমিশন তাকে ২০১১ সালের ‘লরেঞ্জো নাটালি জার্নালিজম গ্র্যান্ড প্রাইজে’ ভূষিত করেছে। ইউরোপীয় কমিশনের অর্থায়নে ১৯৯২ সাল থেকে লরেঞ্জো নাটালি প্রাইজ দেওয়া হচ্ছে। মানবাধিকার, গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ক অনবদ্য প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। চলতি বছর হাইনম্যান ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হন আরো ১৬ জন সাংবাদিক। ইউরোপিয়ান ভয়েসে’র জ্যেষ্ঠ সাংবাদিক টোবি ভোগেলের নেতৃত্বে একটি স্বাধীন বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করে। হাইনম্যানের প্রামাণ্যচিত্রটিতে ক্ষুদ্র ঋণের ‘প্রবক্তা’ হিসেবে পরিচিত নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এক প্রতিষ্ঠান থেকে সহযোগী আরেক প্রতিষ্ঠানে ‘নিয়ম ভেঙে’ অর্থ স্থানান্তরের অভিযোগ তোলা হয়েছিল। ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এরপর বিষয়টি নিয়ে দেশে-বিদেশে আলোচনার ঝড় ওঠে। বিজয়ীদের কাজ চোখ খুলে দেয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত ৮ ডিসেম্বর এক অনুষ্ঠানে লরেঞ্জো নাটালি প্রাইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের উন্নয়ন বিষয়ক কমিশনার আন্দ্রিস পিবাল্গ্স বলেন, “সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধান শর্তগুলো হলো সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম।” “২০১১ সালের লরেঞ্জো নাটালি প্রাইজ বিজয়ীরা তাদের কাজের প্রতি অঙ্গীকার ও পেশাদারিত্বের মাধ্যমে আমাদের সামনে এমন কিছু বাস্তব মানবিক চিত্র তুলে ধরেছে যা আমাদের চোখ খুলে দেয়।” পুরস্কারবিজয়ীদের কাজগুলো সারা বিশ্বে উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়নে অবদান রাখছে বলেও মন্তব্য করেন তিনি। বিজয়ীদের নির্মিত প্রামাণ্যচিত্রগুলোর বিষয়ে মধ্যে আরো ছিলো আফ্রিকাতে সমকামীদের দ্বৈত জীবন, ভারতে নারী-পুরুষ অনুপাতে ভারসাম্যহীনতা, শিশুপাচার, জাদুবিদ্যা, নারীদের খতনা, দাসপ্রথা প্রভৃতি। ‘ উঠে এসেছে ক্ষুদ্র ঋণের সুপ্ত অন্ধকার’ হাইনম্যানের ‘ক্ষুদ্র ঋণের ফাঁদে’ প্রামাণ্যচিত্রটিকে ‘প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে তার গভীরে ঢুকে আসল চিত্র তুলে আনার’ ক্ষেত্রে ‘বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতার এক উজ্জ্বল উদাহরণ’ হিসেবে উল্লেখ করে লরেঞ্জো নাটালি প্রাইজ কমিটি। কমিটির মতে, দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণকে ‘ওয়ান স্টপ সমাধান’ হিসেবে বিবেচনার প্রচলিত ধারণার বিপরীতে এ প্রামাণ্যচিত্রে আসল পরিস্থিতি চিত্র তুলে আনেন হাইনম্যান। কমিটির বক্তব্যে বলা হয়, বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আমেরিকায় হাইনম্যানের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তৈরি এ প্রামাণ্যচিত্রে ক্ষুদ্র ঋণের সুপ্ত ‘অন্ধকার দিক’ উঠে এসেছে। ক্ষুদ্রঋণের সুদের কারণে অথবা সামাজিকভাবে একঘরে করে দেওয়ার কারণে আত্মহত্যার মতো ঘটনাও তিনি তুলে এনেছেন। গত বছরের ডিসেম্বর মাসে নরওয়ের একটি টেলিভিশন চ্যানেলে প্রথম প্রচারের পর প্রামাণ্যচিত্রটি বিশ্বের ১৪টি দেশে প্রচার হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণ খাতে তদন্তও শুরু হয় বলে কমিটির বক্তব্যে উল্লেখ করা হয়। ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশে সরকারও ক্ষুদ্র ঋণ দাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণে একটি কমিটি করে। প্রামাণ্যচিত্রটিতে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ‘নিয়ম ভেঙে’ সহযোগী এক প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের অভিযোগ তোলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/কিউএইচ/পিডি/১৯১১ ঘ.