নীলফামারী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ওরশের তবররক খেয়ে অসুস্থ অন্তত দুইশ’ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
তবে চিকিৎসকরা বলছেন, এরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার ভোরে কামারপুকুর ইউনিয়নের আইষঢালে ধর্মীয় ব্যক্তিত্ব খন্দকার দাউদ আলীর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত ওরশে এই তবররক দেওয়া হয় বলে গ্রামবাসী ও সিভিল সার্জন জানিয়েছেন।
সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওরশ শেষে ভোরের দিকে ভক্তদের মাঝে আলু, কপি, মাংশ ও চাল দিয়ে রান্না করা তবররক বিতরণ করা হয়।
ওগুলো খেয়ে সকাল থেকেই ভক্তদের খিঁচুনি, পেট ব্যাথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে করে অন্তত দুইশ’ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, বলেন তিনি।
আইষঢাল গ্রামে গিয়ে দেখা যায়, দুপুরের দিকেও কিছু লোক অসুস্থ অবস্থায় বাড়িতে রয়ে গেছে। সেখানে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন।
দুপুরে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ৫০ শষ্যার এই হাসপাতালে ভেতরে রোগীদের জায়গা না হওয়ায় বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মনিরুল ইসলাম মানিক সাংবাদিকদের জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে গ্রামবাসীর পেট ব্যথা, পাতলা পায়খানা ও বমি হচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালে রাখার কোনো জায়গা নেই। তাই বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এখানে সকাল থেকে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বলেন তিনি।
নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুল মজিদ বলেন, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক, রেলওয়ে হাসপাতালে ৩০, ফাইলেরিয়া হাসপাতালে ৩৫, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরো অন্তত ৩৫ জনের মতো ভর্তি হয়েছেন।
হাসপাতাল ছাড়াও আইষঢাল গ্রামেও চিকিৎসক দল কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান আব্দুল মজিদ।
অসুস্থদের কয়েকজন হলেন আতিউর রহমান (৪০), একরামুল হক (২২), নুর আলম (১২), মুরাদ হোসেন (৪৫), আমিনা বেগম (৪০), সহিদুল ইসলাম (১৩), জাকারিয়া (৫০), আইরিন (১৫), আরজিনা বেগম (৩৫), সাহিদা বেগম (২৪) ও জাহেদা বেগমসহ (৫০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24